গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা:
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে নির্বাচনী মাঠে নেমে এক ব্যতিক্রমী ও ঐক্যের ডাক দিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
তিনি বলেছেন, “তারেক রহমান বিএনপির দায়িত্ব দিয়েছেন, আর আমি এই অঞ্চলের আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম। আপনাদের সাথে নিয়েই এই গলাচিপা-দশমিনাকে এগিয়ে নিতে চাই।”
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে গলাচিপা পৌর এলাকার ওয়াবদা কলোনিতে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর তার বক্তব্যে দলমতের উর্ধ্বে উঠে উন্নয়নের ডাক দিয়ে বলেন, “আমি পরিষ্কারভাবে বলছি, এখানে আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী আন্দোলন, জামায়াত—সবাই আছে। এলাকার স্বার্থে আমরা সকল দলমতের মানুষকে নিয়ে কাজ করবো। আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই।”
আওয়ামী লীগের সমর্থকদের আশ্বস্ত করে তিনি আরও বলেন, “আওয়ামী লীগের ভাই-বোনদের বলতে চাই, আপনাদের একজনেরও বিন্দুমাত্র ক্ষতি হবে না। কোনো গ্রেপ্তার, কোনো হয়রানি বা আতঙ্কের কোনো কারণ নেই। আপনারা আমার সাথে নির্ভয়ে কাজ করতে পারেন।”
গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সি এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি আবু নাঈমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ভিপি নুরের এমন সংঘাতমুক্ত ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ঘোষণা স্থানীয় ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। নির্বাচনের আগ মুহূর্তে সকল পক্ষকে সাথে নিয়ে চলার এই অঙ্গীকারকে রাজনৈতিক বিশ্লেষকরা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।
ভিপি নুরের ভাষণ আওয়ামী লীগ বিএনপি ঐক্য নির্বাচনী পথসভা বিএনপি সমর্থিত প্রার্থী গণঅধিকার পরিষদ গলাচিপা সংবাদ পটুয়াখালী-৩ আসন নুরুল হক নুর

আপনার মূল্যবান মতামত দিন: