odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 14th February 2026, ১৪th February ২০২৬

ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই আগামী সরকারের বড় চ্যালেঞ্জ : মির্জা ফখরুল

odhikarpatra | প্রকাশিত: ১৩ February ২০২৬ ১৯:২৬

odhikarpatra
প্রকাশিত: ১৩ February ২০২৬ ১৯:২৬

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বাইরে সাংবাদিকদের সাথে কথা বলেন।

অধিকারপত্র ডটকম 
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আগামী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, অর্থনীতিকে সচল করা, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখা, দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। দিস আর দ্য চ্যালেঞ্জ।’
আজ শুক্রবার বিকেলে নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এসব কথা করেন।

তিনি বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী সরকার গঠন করব।
নির্বাচনের ফলাফল নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এই ফলাফল এক হচ্ছে আনন্দময়, আরেকটা হচ্ছে বিষাদময়। আমাদের দলের প্রয়াত চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই অভূতপূর্ব বিজয় দেখে যেতে পারলেন না, এটা বিষাদময়।’

‘অনেক শত, হাজার রক্তের বিনিময়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে একটি চমৎকার উৎসবমুখর এবং একটি স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে... আমি ব্যক্তিগতভাবে ডেফিনেটলি অভিভূত-মুগ্ধ। এই ধারাবাহিকতা যদি আমরা রাখতে পারি— তাহলে গণতন্ত্রের ধারাবাহিকতা আমরা রক্ষা করতে পারব।’

আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলো, এই দলটি নিয়ে আপনাদের ভাবনা কী এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের ব্যাপারে ইতোমধ্যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট থেকে উঠে আসবে  পরবর্তী সিদ্ধান্ত।’
বিমানবন্দর থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে যান।

সেখানে দলের চেয়ারম্যান তারেক রহমানকে ফুল দিয়ে অভিনন্দন জানান বিএনপি মহাসচিব। এসময় দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: