odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 3rd May 2026, ৩rd May ২০২৬

উপাচার্যের দায়িত্ব ছাড়তে রাষ্ট্রপতির কাছে আবেদন নিয়াজ আহমদ খানের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ February ২০২৬ ১৬:০৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ February ২০২৬ ১৬:০৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতি বরাবর আবেদন করেছেন নিয়াজ আহমদ খান। একই সঙ্গে তিনি তাঁর মূল পদে, অর্থাৎ উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড–১ অধ্যাপক হিসেবে ফেরার আবেদনও জানিয়েছেন।

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়–এর জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকালে নিয়াজ আহমদ খান শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখানেই উপাচার্যের পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে আনুষ্ঠানিক আবেদনপত্র জমা দেন।

ঢাবির জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এক বিশেষ সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের ধারাবাহিকতায় আজ এই আবেদন জমা দেন নিয়াজ আহমদ খান। ওই সংবাদ সম্মেলনে তিনি উপাচার্যের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছিলেন।

সেদিন তিনি বলেছিলেন, দায়িত্ব পালনের একটি পর্যায়ে এসে মনে করছেন, এখন সরে দাঁড়ানোর সময় এসেছে।

প্রসঙ্গত, ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আগস্টের শেষ দিকে নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নেন।

আজকের সাক্ষাতে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনা, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন নিয়ে উপাচার্যের মতামত জানতে চান। পাশাপাশি এসব ক্ষেত্রে তাঁর সহযোগিতাও কামনা করেন তিনি।

এ সময় নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, চলমান ও ভবিষ্যৎ পরিকল্পনা, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে শিক্ষামন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সামগ্রিক শিক্ষা খাতের উন্নয়নে ভবিষ্যতেও কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের একটি সংবেদনশীল সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য শিক্ষামন্ত্রী উপাচার্যকে বিশেষ ধন্যবাদ জানান এবং ফুলেল শুভেচ্ছা জানান।



আপনার মূল্যবান মতামত দিন: