odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 17th March 2026, ১৭th March ২০২৬
একযোগে সাত বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে রদবদল; শিক্ষা কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সরকারের বড় পদক্ষেপ

যোগ্যতাকে প্রাধান্য দিয়ে ঢাবি-জবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

Special Correspondent | প্রকাশিত: ১৬ March ২০২৬ ২৩:৩৫

Special Correspondent
প্রকাশিত: ১৬ March ২০২৬ ২৩:৩৫

নিউজ ডেস্ক | অধিকারপত্র

দেশের উচ্চশিক্ষায় গতিশীলতা আনতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ (রাবি) মোট সাতটি স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মামুন আহমেদ। সোমবার (১৬ মার্চ) বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই নিয়োগের ঘোষণা দেন।

নিয়োগপ্রাপ্ত উপাচার্যগণ

প্রকাশিত তথ্য অনুযায়ী, সাতটি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন:

  1. ঢাকা বিশ্ববিদ্যালয়: অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি)।
  2. রাজশাহী বিশ্ববিদ্যালয়: অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।
  3. জগন্নাথ বিশ্ববিদ্যালয়: অধ্যাপক ড. রইস উদ্দিন।
  4. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: অধ্যাপক ড. মো. আল ফোরকান।
  5. খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট): অধ্যাপক ড. মো. মাসুদ।
  6. বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়: অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান।
  7. ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়: অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।

ইউজিসিতে নতুন নেতৃত্ব

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ পদত্যাগ করেছেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।

নিয়োগের ভিত্তি: রাজনীতি বনাম যোগ্যতা

নতুন নিয়োগপ্রাপ্তদের রাজনৈতিক পরিচয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, "রাজনীতি করা কি অপরাধ? এটি কারও ডিসকোয়ালিফিকেশন (অযোগ্যতা) হতে পারে না।" তবে নিয়োগের ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ নয়, বরং একাডেমিক পারফরম্যান্সকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, আমি প্রত্যেক প্রার্থীর গুগল সাইটেশন, কোটেশন, পিএইচডি, পোস্ট-ডক এবং এমফিল গবেষণা পর্যালোচনা করেছি। যারা হাইয়েস্ট পারফরম্যান্স করেছেন তাদেরই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনে আমি নিয়োগের ওয়ার্কশিট ও ফাইল দেখাতে পারব।

প্রত্যাশা

সরকার আশা করছে, নতুন এই নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা কেটে যাবে এবং গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত হবে। আজ থেকেই এই নিয়োগ কার্যকর বলে গণ্য হবে।

--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: