অধিকারপত্র ডটকম আন্তর্জাতিক ডেক্স
মূল প্রতিবেদন
জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস বলেছেন, ইরান-কে অবশ্যই আলোচনার টেবিলে আসতে হবে এবং সময়ক্ষেপণ বন্ধ করতে হবে। তিনি সতর্ক করে বলেন, ইরান পুরো অঞ্চল ও আন্তর্জাতিক নিরাপত্তাকে জিম্মি করে রাখতে পারে না।
জার্মানির লোয়ার স্যাক্সনির একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি আরও বলেন, ইরানের সামরিক কর্মসূচির অবসান প্রয়োজন এবং ইসরায়েল বা পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে কোনো ধরনের হামলা গ্রহণযোগ্য নয়।
তিনি আঞ্চলিক অস্থিরতার প্রসঙ্গে হরমুজ প্রণালি পরিস্থিতির কথাও উল্লেখ করেন। ম্যার্ৎস বলেন, প্রণালির অচলাবস্থা বিশ্ব অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করছে এবং এটি দ্রুত সমাধান হওয়া জরুরি।
জার্মান চ্যান্সেলর আরও জানান, শর্ত পূরণ হলে সামুদ্রিক বাণিজ্য পথের স্বাধীনতা নিশ্চিত করতে তার দেশ সামরিকভাবে অবদান রাখতে প্রস্তুত। একই সঙ্গে তিনি ইউরোপীয় মিত্রদের সঙ্গে সমন্বয় এবং ট্রান্সআটলান্টিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন।
বিশ্লেষকদের মতে, ম্যার্ৎসের এই বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং ইরান-সম্পর্কিত কূটনৈতিক সংকটকে আরও স্পষ্টভাবে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

আপনার মূল্যবান মতামত দিন: