odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 2nd May 2026, ২nd May ২০২৬
টিকা কেনার পদ্ধতি বদলাতেই দেশে হামের মহামারি। সায়েন্স জার্নালের বিস্ফোরক প্রতিবেদন

অন্তর্বর্তী সরকারের বিতর্কিত সিদ্ধান্তে টিকাদানে ধস: সায়েন্স-এর প্রতিবেদন

Special Correspondent | প্রকাশিত: ১ May ২০২৬ ২৩:০০

Special Correspondent
প্রকাশিত: ১ May ২০২৬ ২৩:০০

নিউজ ডেস্ক | অধিকারপত্র

বাংলাদেশে সাম্প্রতিক হামের ভয়াবহ প্রাদুর্ভাবের জন্য অন্তর্বর্তী সরকারের টিকা ক্রয় পদ্ধতির পরিবর্তনকে দায়ী করেছে বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী সায়েন্স (Science)। সাময়িকীটির এক প্রতিবেদনে বলা হয়েছে ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে উন্মুক্ত দরপত্র পদ্ধতি চালু করায় দেশে টিকার তীব্র সংকট তৈরি হয়, যার ফলে প্রাণ হারিয়েছে আড়াই শতাধিক শিশু।

সংকটের মূলে উন্মুক্ত দরপত্র

প্রতিবেদনের তথ্য অনুযায়ী কয়েক দশক ধরে বাংলাদেশে ইউনিসেফের মাধ্যমে গ্যাভি (GAVI)-এর অর্থায়নে টিকা সরবরাহ করা হতো। কিন্তু ২০২৫ সালের সেপ্টেম্বরে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই পদ্ধতি বাতিল করে ব্যক্তিগত সরবরাহকারীদের জন্য উন্মুক্ত দরপত্র প্রক্রিয়া চালু করে। বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ারস সায়েন্সকে জানান তিনি তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে এই পরিবর্তনের ভয়াবহতা নিয়ে বারবার সতর্ক করেছিলেন। তিনি বলেন আমি অনুরোধ করেছিলাম যেন এটি না করা হয়, কিন্তু বিষয়টি ছিল অত্যন্ত হতাশাজনক।

টিকাদানে ধস ও শিশু মৃত্যু

প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, নতুন এই পদ্ধতি আমলাতান্ত্রিক জটিলতায় আটকে যাওয়ায় দেশে হাম ও রুবেলা (এমআর) টিকার মজুত ফুরিয়ে যায়।

টিকাদানের হার: ২০২৫ সালে লক্ষ্যমাত্রার (৯৫%) বিপরীতে মাত্র ৫৯% শিশু টিকা পেয়েছে।

কর্মসূচি বাতিল: ২০২৪ সালের সম্পূরক টিকাদান কর্মসূচি প্রথমে ২০২৫ সালে পিছিয়ে নেওয়া হয় এবং পরবর্তীতে তা পুরোপুরি বাতিল করা হয়।

প্রাণহানি: গত মার্চ থেকে এখন পর্যন্ত ৩২ হাজারের বেশি শিশু আক্রান্ত হয়েছে এবং ২৫০ জনেরও বেশি মারা গেছে।

বিশেষজ্ঞদের উদ্বেগ ও বর্তমান পরিস্থিতি

আইইডিসিআর-এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর জানান, টিকার অভাবের পাশাপাশি ভিটামিন ‘এ’ বিতরণ কর্মসূচি তিনবার বাদ পড়ায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। বর্তমান মহামারির প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাস দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়ের করেছেন। তবে অন্তর্বর্তী সরকারের তৎকালীন বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান এই পরিবর্তনের পক্ষে সাফাই গেয়েছেন। তার মতে স্বচ্ছতা নিশ্চিত করতেই নিয়মিত ও নিয়মতান্ত্রিক ব্যবস্থা চালু করতে চেয়েছিলেন তারা।

রাজনৈতিক প্রতিক্রিয়া

প্রধানমন্ত্রী তারেক রহমান এই পরিস্থিতির জন্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার এবং অন্তর্বর্তী সরকার উভয়কেই দায়ী করেছেন। তিনি জানান বর্তমান সরকার গত এপ্রিলে পুনরায় ইউনিসেফের মাধ্যমে টিকা কেনার পদ্ধতি চালু করেছে এবং জরুরি টিকাদান শুরু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সতর্ক করে জানিয়েছে এই প্রাদুর্ভাব বাংলাদেশে হাম নির্মূলে গত কয়েক দশকের অর্জনকে নস্যাৎ করে দিচ্ছে।

--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: