অধিকার পত্র ডটকম নিজস্ব প্রতিবেদক :গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এ নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগকে কেন্দ্র করে বিজ্ঞানী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। নিয়োগকে ঘিরে প্রতিষ্ঠানটির ভেতরে দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থান, বিক্ষোভ ও কর্মবিরতির ঘটনা ঘটেছে, যার ফলে গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
সোমবার (৪ মে) সকালে মহাপরিচালকের কার্যালয়ের সামনে উভয় পক্ষ ব্যানার ও লোকবল নিয়ে অবস্থান নেয়। এ সময় তারা একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। বিক্ষোভরতদের একটি অংশ ইনস্টিটিউটের বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন করে।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী সমিতির নির্বাচিত সহসভাপতি এ বি এম আনোয়ার উদ্দিন অভিযোগ করেন, প্রায় এক মাস ধরে ডিজির পদটি শূন্য ছিল। রোববার যাঁকে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি পূর্ববর্তী সরকারের আমলে সুবিধাভোগী ছিলেন এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে।
সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ব্যক্তিগত কোনো বিরোধ না থাকলেও নতুন নিয়োগপ্রাপ্ত ব্যক্তির অতীত ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। তার মতে, বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত কাউকে শীর্ষ পদে বসানো হলে গবেষণা কার্যক্রম ব্যাহত হতে পারে। এই নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি।
অন্যদিকে নতুন ডিজি আমিনুল ইসলামের সমর্থকরা এই নিয়োগকে নিয়মতান্ত্রিক বলে দাবি করেছেন। তাদের মতে, দীর্ঘদিন পদটি শূন্য থাকায় প্রশাসনিক স্থবিরতা ও বেতন সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে। তারা দ্রুত নতুন ডিজির দায়িত্ব গ্রহণের পক্ষে অবস্থান নিয়েছেন।
কর্মকর্তা-কর্মচারী সমিতির সহসভাপতি আবদুল মান্নান বলেন, মন্ত্রণালয় থেকে নিয়ম অনুযায়ী ডিজি নিয়োগ দেওয়া হয়েছে এবং দ্রুত দায়িত্ব গ্রহণ করা প্রয়োজন।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও উত্তেজনা বিরাজ করছে।

আপনার মূল্যবান মতামত দিন: