odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 23rd June 2026, ২৩rd June ২০২৬
নজরুলজয়ন্তী উপলক্ষে সড়ক শৃঙ্খলা ও যানজট নিরসনে প্রশাসনের অভিযান

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে মহাসড়কের পাশের দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

odhikarpatra | প্রকাশিত: ৬ May ২০২৬ ২৩:০৯

odhikarpatra
প্রকাশিত: ৬ May ২০২৬ ২৩:০৯

অধিকারপত্র ডটকম 

ময়মনসিংহ প্রতিনিধি

তারেক রহমান-এর আগমন উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক-এর দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন।

বুধবার (৬ মে) একযোগে ত্রিশাল ও ভালুকা উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

আগামী ২৫ মে কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী জাতীয়ভাবে উদযাপন করা হবে ত্রিশালে। এ উপলক্ষে দরিরামপুর নজরুল একাডেমি মাঠে ২১ থেকে ২৫ মে পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠিত হবে। প্রায় দুই দশক পর জাতীয়ভাবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।

নজরুলজয়ন্তীকে কেন্দ্র করে সড়কের শৃঙ্খলা ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে উচ্ছেদ অভিযান জোরদার করা হয়েছে। ত্রিশালের দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক দখলমুক্ত করতে অভিযান চালিয়ে ফুটপাত ও সড়কের পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

দীর্ঘদিন ধরে এসব স্থাপনার কারণে যান চলাচলে বিঘ্ন ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। অভিযানে খননযন্ত্র ব্যবহার করে অবৈধ দোকানপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, “প্রধানমন্ত্রীর আগমন এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।”

এদিকে ভালুকায় সকাল থেকে বিকাল পর্যন্ত নাসির গ্লাস এলাকা থেকে স্কয়ার মাস্টারবাড়ি পর্যন্ত মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা শতাধিক দোকান ও স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন বলেন, মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ একটি চলমান কার্যক্রম এবং এর আগেও এ ধরনের অভিযান পরিচালিত হয়েছে। তিনি জানান, নজরুলজয়ন্তী উপলক্ষে যানজট কমানো ও সড়কের শৃঙ্খলা বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসড়কে যানজট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন: