odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 12th June 2026, ১২th June ২০২৬
আনন্দময় শিক্ষা’ নিশ্চিত করতে ৮ হাজার স্কুল লাইব্রেরির আধুনিকায়ন, ১ কোটি বৃক্ষরোপণের কর্মসূচিও ঘোষণা

মানসিক স্বাস্থ্য উন্নয়নে ৫০ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে

odhikarpatra | প্রকাশিত: ১১ June ২০২৬ ২৩:৫১

odhikarpatra
প্রকাশিত: ১১ June ২০২৬ ২৩:৫১

অধিকার পত্র ডটকম

প্রকাশিত: ১১ জুন ২০২৬
নিজস্ব প্রতিবেদক

ঢাকা: দেশের শিক্ষার্থীদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ নিশ্চিত করতে এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দময় শিক্ষা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সারা দেশে ৫০ হাজার শিক্ষককে মানসিক স্বাস্থ্য উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে সরকার।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ পরিকল্পনার কথা জানান।

প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, শিক্ষার্থীদের জন্য ইতিবাচক ও সহায়ক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে দেশের ৮ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরি উন্নয়ন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে পাঠাভ্যাস বৃদ্ধি এবং জ্ঞানভিত্তিক শিক্ষার পরিবেশ আরও শক্তিশালী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য ৫৭ হাজার ৩০১ কোটি ৬৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৪১ হাজার ৭৫৩ কোটি ৯৫ লাখ টাকা। ফলে নতুন অর্থবছরে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে দেশের অনগ্রসর ও সুবিধাবঞ্চিত এলাকার ১ লাখ ৫০ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ সরবরাহের পরিকল্পনাও নেওয়া হয়েছে। সরকারের মতে, এতে ঝরে পড়া রোধ এবং শিক্ষায় সমতা প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে।

পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করে দেশব্যাপী ১ কোটি বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে। শিক্ষকদের তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবুজায়ন কার্যক্রম জোরদার করা হবে।

এছাড়া জলবায়ু সহনশীলতা বিষয়ে স্থানীয় পর্যায়ে ২৬ হাজার শিক্ষক এবং বিদেশে ১০০ শিক্ষককে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে শিক্ষকদের আধুনিক পরিবেশ ও জলবায়ু বিষয়ক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।

প্রস্তাবিত বাজেটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য বরাদ্দকৃত ৫৭ হাজার ৩০১ কোটি ৬৮ লাখ টাকার মধ্যে পরিচালন ব্যয়ের জন্য ৩২ হাজার ৮৬৭ কোটি ২৪ লাখ টাকা এবং উন্নয়ন ব্যয়ের জন্য ২৪ হাজার ৪৩৪ কোটি ৪৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

সরকার মনে করছে, মানসিক স্বাস্থ্যসেবা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, আধুনিক লাইব্রেরি সুবিধা এবং পরিবেশবান্ধব কার্যক্রমের সমন্বয়ে দেশের শিক্ষা ব্যবস্থা আরও যুগোপযোগী ও শিক্ষার্থী-কেন্দ্রিক হয়ে উঠবে।



আপনার মূল্যবান মতামত দিন: