অধিকার পত্র ডটকম
ঢাকায় আয়োজিত ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনৈতিক কর্মপরিকল্পনা’ শীর্ষক সম্মেলনে স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অর্থনীতিতে সাম্য ও ন্যায্যতা নিশ্চিত করা এবং অলিগার্কদের ধ্বংস করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।
শনিবার রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সরকার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। ঝুঁকি মোকাবিলা, স্থিতিস্থাপকতা বৃদ্ধি এবং সঠিক দিকনির্দেশনা নিয়ে এগিয়ে যাওয়ার মধ্য দিয়েই দেশের ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভব বলে তিনি মনে করেন।
তিনি বলেন, “আমি এখানে কোনো প্যানেল আলোচক হিসেবে আসিনি, বরং সরকারের প্রতিশ্রুতি ও অঙ্গীকার তুলে ধরতে এসেছি। আমাদের লক্ষ্য বাংলাদেশকে একটি স্বনির্ভর, স্থিতিশীল ও শিল্পোন্নত দেশে পরিণত করা, যেখানে প্রতিটি নাগরিক সমৃদ্ধি ও মর্যাদার ন্যায্য অধিকার ভোগ করবে।”
মন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর অল্প সময় পার হলেও তাদের লক্ষ্য ও আকাঙ্ক্ষা অত্যন্ত সুদৃঢ়। অর্থনৈতিক সংস্কার, বিনিয়োগ বৃদ্ধি এবং বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে সকালে যুবদলের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি পুনরায় বলেন, অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত করা এবং অলিগার্কদের প্রভাবমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
তিনি আশা প্রকাশ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তরুণদের নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা আরও গতিশীল হবে বলেও মন্তব্য করেন তিনি।

আপনার মূল্যবান মতামত দিন: