odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 3rd August 2026, ৩rd August ২০২৬
ইংলিশ চ্যানেলে ‘শ্যাডো ফ্লিট’ দমনে প্রথম বড় অভিযান, রাশিয়ার জন্য বড় ধাক্কার দাবি স্টারমারের

৬ ঘণ্টার কমান্ডো অভিযানে রাশিয়ার তেলবাহী জাহাজ আটক করল যুক্তরাজ্য

odhikarpatra | প্রকাশিত: ১৪ June ২০২৬ ২১:৪৫

odhikarpatra
প্রকাশিত: ১৪ June ২০২৬ ২১:৪৫

প্রকাশিত: ১৪ জুন ২০২৬ | 

আন্তর্জাতিক প্রতিনিধি | অধিকারপত্র ডটকম

লন্ডন: যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী ইংলিশ চ্যানেল থেকে নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’-এর একটি তেলবাহী ট্যাংকার আটক করেছে। ছয় ঘণ্টাব্যাপী কমান্ডো অভিযান চালিয়ে জাহাজটি জব্দ করা হয় বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

রোববার (১৪ জুন) রয়্যাল মেরিন কমান্ডো এবং ন্যাশনাল ক্রাইম এজেন্সির কর্মকর্তারা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। ‘স্মির্টোস’ নামের ট্যাংকারটি ক্যামেরুনের পতাকাবাহী ছিল এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার তেল পরিবহনের অভিযোগ রয়েছে।

ব্রিটিশ সরকারের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের নেতৃত্বে রুশ তেলবাহী জাহাজের বিরুদ্ধে এটিই প্রথম সরাসরি অভিযান। স্থানীয় সময় ভোররাতে শুরু হওয়া অভিযানের পর জাহাজটিকে নিয়ন্ত্রণে নেওয়া হয়।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে ট্যাংকারটি ডরসেট উপকূলের ওয়েমাউথ এলাকার কাছে নোঙর করে রাখা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ‘শ্যাডো ফ্লিট’ নামে পরিচিত তৃতীয় দেশের পতাকাবাহী শত শত জাহাজ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার তেল বিশ্ববাজারে পরিবহন করে থাকে। এসব জাহাজের মাধ্যমে রাশিয়া উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে, যা ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করছে বলে পশ্চিমা দেশগুলোর অভিযোগ।

এক্সে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ইংলিশ চ্যানেলে প্রবেশের সময় ট্যাংকারটি আটক করার নির্দেশ তিনি নিজেই দিয়েছিলেন। তিনি এ অভিযানের সাফল্যকে রাশিয়ার জন্য ‘আরেকটি বড় ধাক্কা’ হিসেবে উল্লেখ করেন।

স্টারমার বলেন, যারা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে অর্থায়ন করছে, তাদের জন্য এই অভিযান একটি স্পষ্ট বার্তা। যুক্তরাজ্য তাদের লুকিয়ে থাকার সুযোগ দেবে না।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানে মেরিটাইম এয়ার গ্রুপের উড়োজাহাজ, রয়্যাল এয়ার ফোর্সের একটি পি-৮ নজরদারি বিমান এবং যুদ্ধজাহাজ এইচএমএস সাদারল্যান্ড ও এইচএমএস লেডব্রিও অংশ নেয়।

ব্রিটিশ কর্তৃপক্ষের দাবি, বর্তমানে ৭০০টিরও বেশি ট্যাংকার রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’-এর অংশ হিসেবে কাজ করছে এবং নিষিদ্ধঘোষিত রুশ তেলের প্রায় ৭৫ শতাংশ এসব জাহাজের মাধ্যমে পরিবাহিত হয়।

 



আপনার মূল্যবান মতামত দিন: