প্রকাশিত: ১৪ জুন ২০২৬ | অধিকারপত্র ডটকম
আন্তর্জাতিক প্রতিনিধি
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে পুলিশের গুলিতে নয় বছর বয়সী এক অস্ট্রেলীয় কন্যাশিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা ও বড় ভাই গুরুতর আহত হয়েছেন। পরিবারটি সম্প্রতি পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে পাকিস্তানে ফিরেছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের চাকওয়াল জেলায়। পরিবারটি আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় ভাড়া করা একটি গাড়িতে অবস্থান করছিল।
প্রতিবেদন অনুযায়ী, বুধবার রাতে মোটরসাইকেলে আসা দুই ডাকাত তাদের লক্ষ্য করে হামলার চেষ্টা করে। এ সময় ঘটনাস্থলের কাছে থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি দেখে তৎপর হয়। তবে ডাকাতরা পালিয়ে গেলে দ্রুতগতিতে সরে যাওয়া ভাড়াকৃত গাড়িটিকে ভুলবশত ডাকাতদের গাড়ি মনে করে পুলিশ গুলি চালায়।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে জানান, পুলিশ সদস্যরা গাড়িটিকে সন্দেহজনকভাবে দ্রুত চলে যেতে দেখে সেটিকে ছিনতাইকারীদের বাহন হিসেবে ধরে নিয়ে গুলি চালায়। এতে গাড়িতে থাকা পরিবারের সদস্যরা গুলিবিদ্ধ হন।
পরে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে নয় বছর বয়সী শিশুকন্যাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। গুলিতে তার বাবা ও বড় ভাই গুরুতর আহত হয়েছেন। তবে শিশুটির মা শারীরিকভাবে অক্ষত রয়েছেন।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ (ডিএফএটি) এক বিবৃতিতে জানিয়েছে, নিহত শিশুর পরিবার এবং আহত দুই অস্ট্রেলীয় নাগরিককে কনস্যুলার সহায়তা দেওয়া হচ্ছে। একই সঙ্গে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বিভাগটি।
এ ঘটনায় শোক প্রকাশ করেছে পশ্চিম অস্ট্রেলিয়ার পাকিস্তানি কমিউনিটিও। স্থানীয় পাকিস্তানি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসিম চৌধুরী বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। বিশেষ করে হজ পালন শেষে ফেরার পর এমন দুর্ঘটনায় একটি শিশুর প্রাণহানি সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে।
পুলিশের গুলিতে শিশুটির মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের স্থানীয় কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক সংবাদ। ডিএফএটি হজযাত্রী পরিবার পাঞ্জাব চাকওয়াল পুলিশ গুলি অস্ট্রেলীয় কন্যাশিশু পাকিস্তান

আপনার মূল্যবান মতামত দিন: