বিশেষ প্রতিনিধি
অধিকারপত্র ডটকম : ১৬ জুলাই ২০২৬, ১৯:৪৪
ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার কোনো নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চায় না। আওয়ামী লীগের ভবিষ্যৎ বা রাজনৈতিক ভাগ্য যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হওয়া উচিত বলে সরকারের অবস্থান।
বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নীতিগতভাবে সরকার এবং বিএনপির দীর্ঘদিনের অবস্থান হলো, কোনো রাজনৈতিক দলের বিষয়ে নির্বাহী আদেশ নয়, বরং আদালত ও আইনের মাধ্যমে সিদ্ধান্ত হওয়া উচিত।
তিনি জানান, সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইনে সংশোধন আনার পর রাজনৈতিক দল বা সংগঠনকেও মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগে বিচারের আওতায় আনার সুযোগ সৃষ্টি হয়েছে। আগে এ আইনের অধীনে শুধু ব্যক্তির বিচার করা যেত, তবে সংশোধিত আইনের ফলে সংগঠনগুলোর বিরুদ্ধেও বিচার পরিচালনা করা সম্ভব হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারের বিশ্বাস, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার ঘটনায় আওয়ামী লীগের দায় রয়েছে। এ বিষয়ে তদন্ত শেষ হওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করা হবে এবং এরপর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে।
তিনি আরও বলেন, তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালতই আওয়ামী লীগের ভবিষ্যৎ ও আইনি অবস্থান সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।
আইনি প্রক্রিয়ায় নির্ধারিত হবে আওয়ামী লীগের ভাগ্য: স্বরাষ্ট্রমন্ত্রী
হ্যাশট্যাগ: #আওয়ামীলীগ #স্বরাষ্ট্রমন্ত্রী #সালাহউদ্দিনআহমদ #আইসিটি #আন্তর্জাতিক_অপরাধ_ট্রাইব্যুনাল #বাংলাদেশ_রাজনীতি
মানবতাবিরোধী অপরাধ আইসিটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগ

আপনার মূল্যবান মতামত দিন: