odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 17th July 2026, ১৭th July ২০২৬
রিয়াদে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল নিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মরদেহ দ্রুত দেশে আনার দাবি পরিবারের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই সহোদর ভাই নিহত

odhikarpatra | প্রকাশিত: ১৬ July ২০২৬ ২৩:৫৭

odhikarpatra
প্রকাশিত: ১৬ July ২০২৬ ২৩:৫৭

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ২২:১৮

লক্ষ্মীপুর: সৌদি আরবের রাজধানী রিয়াদে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দুই সহোদর ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন ফয়েজ আহমেদ সজীব (৩০) ও ফরহাদ হোসেন সুজন (২৭)। তারা চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর খলিফার বাড়ি এলাকার কামারহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেকের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার (১৪ জুলাই) গভীর রাতে রিয়াদে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল নিয়ে ফেরার পথে তাদের বহনকারী গাড়িকে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) নিহতদের বাবা আব্দুল মালেক ও স্বজনরা বিষয়টি নিশ্চিত করেন।

চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বলেন, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে পরিবারের পাশে দাঁড়াতে এবং প্রয়োজনীয় সহযোগিতা দিতে উদ্যোগ নেওয়া হবে।

দুই ভাইয়ের মৃত্যুর সংবাদ দেশে পৌঁছানোর পর তাদের বাড়িতে স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের ভিড় জমে। কামারহাট বাজারসহ পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

স্থানীয়রা জানান, সজীব ও সুজন দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। তারা পরিশ্রমী, ভদ্র ও সমাজে সবার কাছে প্রিয় ছিলেন। জীবিকার তাগিদে বিদেশে গিয়ে তারা পরিবারের দায়িত্ব পালন করছিলেন।

নিহতদের বাবা আব্দুল মালেক সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার দুই ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: