odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 4th September 2026, ৪th September ২০২৬
৮-১০ জানুয়ারি ও ১৫-১৭ জানুয়ারি টঙ্গীতে অনুষ্ঠিত হবে ২০২৭ সালের বিশ্ব ইজতেমা; শান্তিপূর্ণ আয়োজনের পাশাপাশি দুই পক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিশ্ব ইজতেমা নিয়ে বড় ঘোষণা, দুই পর্বের তারিখ জানাল সরকার

odhikarpatra | প্রকাশিত: ৩ September ২০২৬ ২৩:৪০

odhikarpatra
প্রকাশিত: ৩ September ২০২৬ ২৩:৪০

ঢাকা প্রতিনিধি | অধিকার পত্র ডটকম

২০২৭ সালের বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আয়োজন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তাবলীগ জামাত বাংলাদেশের সাদপন্থী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সবার মতামত বিবেচনায় নিয়ে আগামী বছরের বিশ্ব ইজতেমার দুই পর্বের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, আসন্ন বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আয়োজন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ইজতেমাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৈঠকে তাবলীগ জামাতের সাদপন্থী অংশের মুরুব্বিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। এর আগে জুবায়েরপন্থী অংশের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উভয় পক্ষই টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ ব্যবহারের দাবি জানিয়েছে। দুই পর্বের ইজতেমা শেষ হওয়ার পর রমজানের আগে অথবা নভেম্বরের শেষ দিকে একটি যৌক্তিক সময়ের ব্যবধান রেখে টঙ্গী ময়দানে এক পর্বে ইজতেমা আয়োজনের প্রস্তাবও দেওয়া হয়েছে।

তিনি জানান, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে উভয় পক্ষের সঙ্গে আরও আলোচনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর মতামত নিয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মাওলানা সাদের বাংলাদেশে আগমনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি ভিসা নীতি ও ধর্ম মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, তথ্য ও উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, আগের সময়ের তুলনায় দেশের সামগ্রিক অপরাধ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

পুলিশ সদরদপ্তরের কেন্দ্রভিত্তিক ও জেলাভিত্তিক তথ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, হত্যা, অপহরণ ও নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের হার কমেছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টায় জনগণের নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলেও দাবি করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তাবলীগ জামাতের সাদপন্থী প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৮ আগস্ট বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ, আইনশৃঙ্খলা, সার্বিক নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় তাবলীগ জামাতের জুবায়েরপন্থী অংশের প্রতিনিধিরা অংশ নেন।

 

২০২৭ সালের বিশ্ব ইজতেমা ৮-১০ জানুয়ারি ও ১৫-১৭ জানুয়ারি দুই পর্বে টঙ্গীতে অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

#বিশ্বইজতেমা #টঙ্গী #তাবলীগজামাত #স্বরাষ্ট্রমন্ত্রী #ইজতেমা২০২৭ #অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: