ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৈরি পোশাকের ফেব্রিকসের ঘোষণা দিয়ে কাপড়ের রোলের ভেতর লুকিয়ে আনা ১ হাজার ৬৫৫টি মোবাইল ফোনের বড় চালান জব্দ করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। জব্দ করা ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিমানবন্দরের এয়ারফ্রেইট ইউনিটে পণ্য পরীক্ষার সময় শুল্ক ফাঁকির এ কৌশল ধরা পড়ে। ঢাকা কাস্টমসের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ কামরুল হাসান চালানটি জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।
কাস্টমস ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র জানায়, চালানটির আমদানিকারক হিসেবে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড)-এর পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান থিয়ানিস অ্যাপারেলস লিমিটেডের নাম উল্লেখ করা হয়েছে।
নথি অনুযায়ী, হংকং থেকে গত ৩১ আগস্ট আরএইচ-৬৬৫১ ফ্লাইটে ২০টি প্যাকেজে প্রায় ৮৯৫ কেজি ওজনের চালানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। পণ্যের বিবরণে ‘নিট ফেব্রিকস’ উল্লেখ করা হলেও কার্গো স্ক্যান ও কায়িক পরীক্ষার সময় কাপড়ের রোলের ভেতর লুকানো বিপুলসংখ্যক মোবাইল ফোনের সন্ধান পান কাস্টমস কর্মকর্তারা।
জব্দ করা ফোনের মধ্যে রয়েছে ৪৫০টি রেডমি ১৪সি, ১৫০টি রেডমি ১৫সি এবং পুরোনো আইফোনসহ বিভিন্ন চীনা ব্র্যান্ডের আরও ১ হাজার ৫৫টি হ্যান্ডসেট।
কাস্টমস সূত্র আরও জানায়, চালানটির মাস্টার এয়ারওয়ে বিল নম্বর ৮২৮-৫৬৭৮-২৪১২ এবং হাউস এয়ারওয়ে বিল নম্বর জিএল ৫৭২০৩। নথিপত্রে চীনের ঝেজিয়াং শাওশিং সিনহুয়া নিটিং কোম্পানিকে রপ্তানিকারক হিসেবে দেখানো হয়েছে। লজিস্টিকস ও ফ্রেইট ফরওয়ার্ডার হিসেবে ছিল জ্যাঙ্কো গ্লোবাল লজিস্টিকস লিমিটেড ও এফ এফ কার্গো সার্ভিস।
কর্তৃপক্ষের ধারণা, পণ্যের ভুল ঘোষণা দিয়ে এসব মোবাইল দেশে এনে শুল্ক-কর ফাঁকির চেষ্টা করা হয়েছে। তবে চালানটির প্রকৃত আমদানি মূল্য, নতুন ও ব্যবহৃত ফোনের সংখ্যা, প্রতিটি হ্যান্ডসেটের আইএমইআই নম্বর এবং সরকারের কী পরিমাণ রাজস্ব ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে—তা এখনো নির্ধারণ করা হয়নি।
এসব তথ্য যাচাই করতে কাস্টমস কর্তৃপক্ষ তদন্ত চালাচ্ছে। একই সঙ্গে চালানটির প্রকৃত সুবিধাভোগী এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা চক্রকে শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা দায়েরের প্রক্রিয়া নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ফেব্রিকস ঘোষণার আড়ালে কাপড়ের রোলের মধ্যে লুকিয়ে শাহজালাল বিমানবন্দরে আনা ১ হাজার ৬৫৫টি মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টমস। এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।fabric-roll-hidden-1655-mobile-phones-seized-dhaka-airport
#অধিকারপত্র #মোবাইলজব্দ #ঢাকাকাস্টমস #শাহজালালবিমানবন্দর #শুল্কফাঁকি #বাংলাদেশ

আপনার মূল্যবান মতামত দিন: