odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 9th September 2026, ৯th September ২০২৬
যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা ব্যবসার উদ্দেশ্যে গিয়ে শর্ত ভাঙলেই বাতিল হতে পারে আইনি স্ট্যাটাস; জেনে নিন মার্কিন কর্তৃপক্ষের কড়াকড়ির মূল বিষয়গুলো

যুক্তরাষ্ট্রে ভিজিটর ভিসায় গিয়ে যে ৭টি ভুল ভুলেও করা যাবে না

Special Correspondent | প্রকাশিত: ৯ September ২০২৬ ১৬:২৫

Special Correspondent
প্রকাশিত: ৯ September ২০২৬ ১৬:২৫

নিউজ ডেস্ক | অধিকারপত্র

যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য বি১/বি২ (B1/B2) বা ভিজিটর ভিসা কেবল সাময়িক ব্যবসা ও পর্যটনের উদ্দেশ্যে প্রদান করা হয়। তবে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে এর ভিসাধারীদের নির্দিষ্ট কিছু কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ বিরত থাকার নির্দেশনা দিয়েছে মার্কিন সরকার। ভিসার শর্ত অমান্য করলে তা তাৎক্ষণিকভাবে বাতিল হতে পারে এবং ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগও স্থায়ীভাবে ঝুঁকিতে পড়তে পারে।

যে ৭টি কাজ ভিজিটর ভিসায় সম্পূর্ণ নিষিদ্ধ:

পড়াশোনা বা একাডেমিক কোর্স: ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো ধরনের একাডেমিক বা দীর্ঘমেয়াদি শিক্ষা কোর্সে ভর্তি হওয়া যাবে না।

চাকরি বা কর্মসংস্থান: মার্কিন যুক্তরাষ্ট্রে যেকোনো ধরনের বেতনভুক্ত কাজ বা লাভজনক কর্মসংস্থানে যুক্ত হওয়া কঠোরভাবে নিষিদ্ধ।

অর্থের বিনিময়ে পারফর্ম করা: পারিশ্রমিক বা অর্থের বিনিময়ে কোনো দর্শকের সামনে পারফর্ম বা কোনো প্রদর্শনী করা যাবে না।

ক্রু সদস্য হিসেবে প্রবেশ: জাহাজ বা উড়োজাহাজের ক্রু বা কর্মী হিসেবে এই ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করা যাবে না।

বিদেশি সাংবাদিক হিসেবে কাজ: সুনির্দিষ্ট মিডিয়া/সাংবাদিকতা ভিসা ছাড়া ভিজিটর ভিসায় গিয়ে সাংবাদিকতা বা গণমাধ্যমের কোনো কাজ করা যাবে না।

স্থায়ীভাবে বসবাসের চেষ্টা: ভিজিটর ভিসাকে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে সেটেলড বা বসবাসের মাধ্যম হিসেবে ব্যবহার করা যাবে না।

বার্থ ট্যুরিজম (জন্মসূত্রে নাগরিকত্ব): জন্মসূত্রে সন্তানকে মার্কিন নাগরিকত্ব দেওয়ার প্রাথমিক উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করা সম্পূর্ণ নিষিদ্ধ।

আইন অমান্য ও মেয়াদউত্তীর্ণের পরিণতি

ভিসার অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে। নির্দিষ্ট মেয়াদের চেয়ে বেশি সময় অবস্থান করলে ব্যক্তিটি 'আউট অব স্ট্যাটাস' বা অবৈধ হয়ে পড়েন। মার্কিন 'ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট'-এর ধারা ২২২(জি) অনুযায়ী, এ ধরনের ক্ষেত্রে ভিসাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়, যা ভবিষ্যতে যেকোনো মার্কিন ভিসা পাওয়ার প্রক্রিয়াকে জটিল করে তোলে।

পরিস্থিতি পরিবর্তন ও স্ট্যাটাস বদল

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনো ব্যক্তির পরিস্থিতিতে পরিবর্তন এলে যেমন কোনো চাকরির সুযোগ তৈরি হওয়া কিংবা মার্কিন কোনো নাগরিককে বিয়ে করা দেশ না ছেড়েই 'ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস' (USCIS)-এর কাছে 'নন-ইমিগ্রান্ট স্ট্যাটাস' পরিবর্তনের আবেদন করা যায়। তবে এই স্ট্যাটাস পরিবর্তনের পর ব্যক্তি যদি একবার যুক্তরাষ্ট্র ত্যাগ করেন, তবে পুনরায় প্রবেশের জন্য তাকে নতুন করে উপযুক্ত ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করতে হবে।

--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: