অধিকারপত্র ডটকম নিজস্ব প্রতিবেদক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৭৬তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
১৮ সেপ্টেম্বর ২০২৬ বাসসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন পালিত হয়।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় তারেক রহমান নরেন্দ্র মোদির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। একই সঙ্গে ভারতের জনগণের প্রতি তাঁর সেবার কথা উল্লেখ করে শুভকামনা জানান।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজেও নরেন্দ্র মোদির ছবি সংবলিত একটি কার্ড প্রকাশ করে জন্মদিনের শুভেচ্ছা জানানোর বিষয়টি তুলে ধরা হয়।
শুভেচ্ছার জবাব মোদির
তারেক রহমানের শুভেচ্ছা বার্তার প্রায় আধা ঘণ্টার মধ্যে জবাব দেন নরেন্দ্র মোদি।
এক্সে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পোস্ট শেয়ার করে ভারতের প্রধানমন্ত্রী আন্তরিক শুভকামনার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তাকে মূল্যায়ন করার কথাও উল্লেখ করেন।
দুই দেশের সরকারপ্রধানের এই শুভেচ্ছা বিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আসে ১৮ সেপ্টেম্বর।
