odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 22nd September 2026, ২২nd September ২০২৬

পিটিআইয়ের সমাবেশের আগে পাকিস্তানে ইমরান খানের তিন বোন গ্রেপ্তার

odhikarpatra | প্রকাশিত: ২১ September ২০২৬ ২২:৫৫

odhikarpatra
প্রকাশিত: ২১ September ২০২৬ ২২:৫৫

অধিকার পত্র ডটকম 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের তিন বোনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে তার দল। তারা হলেন—আলিমা খান, ডা. উজমা খান ও নোরিন খান।

সোমবার (২১ সেপ্টেম্বর) পিটিআইয়ের তথ্যসচিব শেখ ওয়াকাস আকমর জানান, ইমরান খানের তিন বোনকে লাহোরের কোট লাখপত কারাগারে পাঠানো হয়েছে। তাদের সঙ্গে পরিবারের কয়েকজন সদস্য ও সন্তানদেরও হেফাজতে নেওয়া হয়েছিল; পরে শিশুদের ছেড়ে দেওয়া হয়।

এর আগে রোববার আলিমা খানকে লাহোরে তার বাসা থেকে আটক করা হয়। পরে সোমবার উজমা খান ও নোরিন খানকেও হেফাজতে নেওয়া হয়। লাহোরের ডেপুটি কমিশনারের জারি করা আদেশ অনুযায়ী, তিন বোনকেই পাঞ্জাবের ‘মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার’ (MPO) আইনের আওতায় ৩০ দিনের জন্য আটক করা হয়েছে।

পিটিআইয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুলিশ আলিমা খানের বাসায় অভিযান চালিয়ে পরিবারের অন্য সদস্যদেরও নিয়ে যায়। দলটির নেতারা এ ঘটনার সমালোচনা করেছেন। অন্যদিকে, পাকিস্তানি কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বিবৃতি দেওয়া হয়নি বলে এনডিটিভি জানিয়েছে।

ইমরান খানের তিন বোনকে আটকের ঘটনা সামনে এসেছে পিটিআইয়ের ঘোষিত ২৭ সেপ্টেম্বরের দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির আগে। দলটি ইমরান খানের মুক্তির দাবিতে ওই কর্মসূচির ডাক দিয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি জানিয়েছেন, সরকার ওই কর্মসূচি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এদিকে তিন বোনের আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে লাহোর হাইকোর্টে আবেদন করা হয়েছে। আলিমা খানের ছেলে শাহরাইজ খান আইনজীবীর মাধ্যমে এ আবেদন করেন। আবেদনে আটকাদেশ জারির প্রক্রিয়া ও এর ভিত্তি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

ইমরান খান ২০২৩ সাল থেকে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় সাজা হয়েছে, যার মধ্যে দুর্নীতির মামলাও রয়েছে। তিনি ও তার স্ত্রী এসব অভিযোগ অস্বীকার করেছেন।

অধিকার পত্র ডটকম