02/02/2026 আবারও ইতিহাস গড়লেন বাংলাদেশি নারী: নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন সোমা এস সাঈদ
odhikarpatra
১৭ December ২০২৫ ২৩:৫৪
বিশেষ প্রতিনিধি
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র | ১৭ডিসেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নিয়ে আবারও ইতিহাস সৃষ্টি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান বিচারপতি সোমা এস সাঈদ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) বিকাল ৫টায় নিউইয়র্কে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তিনি পবিত্র কোরআন স্পর্শ করে শপথ গ্রহণ করেন।
এই শপথ অনুষ্ঠানে যুক্তরা৬ষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এর মাধ্যমে সোমা এস সাঈদ নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টে প্রথম বাংলাদেশি এবং প্রথম মুসলিম নারী বিচারপতি হিসেবে দ্বিতীয় মেয়াদেও দায়িত্ব গ্রহণ করে অনন্য নজির স্থাপন করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে নিউইয়র্ক স্টেট সিনেটর জন লিউ, সিনেটর টোবি এন স্ট্যাভিস্কি, অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন, কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনাভন রিচার্ডস এবং নিউইয়র্ক কোর্ট অব আপিলের প্রধান বিচারপতি রোয়ান উইলসন বলেন—
“নিজের মেধা, সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে বিচারপতি সোমা এস সাঈদ শুধু বহুজাতিক আমেরিকান সমাজেই নয়, বাংলাদেশকেও আন্তর্জাতিক অঙ্গনে গর্বিত করেছেন।”
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারী শপথ গ্রহণের ঘটনাকে ঐতিহাসিক উল্লেখ করে শুভেচ্ছা জানান।
বিচারপতি সোমা এস সাঈদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আফতাবউদ্দিন সাঈদ এবং টাঙ্গাইলের একটি গার্লস হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষিকা আমিনা বেগম সাঈদ–এর কন্যা। মাত্র ১২ বছর বয়সে তিনি পরিবারসহ যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে পাড়ি জমান এবং নিউইয়র্ক সিটির কুইন্সে বেড়ে ওঠেন।
নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে পড়াশোনা শেষে তিনি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক (CUNY) থেকে স্নাতক ডিগ্রি এবং ইউনিয়ন ইউনিভার্সিটির আলবেনি ল’ স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে জুরিস ডক্টর (JD) ডিগ্রি অর্জন করেন।
দেড় দশকেরও বেশি সময় এটর্নি হিসেবে সফল পেশাজীবন ও কমিউনিটি অ্যাক্টিভিজমের মাধ্যমে তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান।
বিচারপতি সোমা এস সাঈদের স্বামী মিজানুর চৌধুরী এবং ভাই সাঈদ বলেন,
“অবিচল লক্ষ্য, সততা ও নিষ্ঠার মাধ্যমে বহুজাতিক সমাজেও আমেরিকান স্বপ্ন বাস্তবায়ন সম্ভব—সোমা তার জীবনের মাধ্যমে সেটাই প্রমাণ করেছেন।”
ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এটর্নি মঈন চৌধুরী জানান, দলীয় মনোনয়ন পেতে সোমাকে প্রাইমারিতেও অংশ নিতে হয়নি; তিনি সরাসরি মূল নির্বাচনে আড়াই লক্ষাধিক ভোটে জয়ী হন—যা বাংলাদেশি আমেরিকানদের সম্মিলিত বিজয়।

অনুষ্ঠানে ডেমোক্র্যাটিক পার্টির বিভিন্ন ডিস্ট্রিক্ট লিডার, আইনজীবী, রাজনীতিক, সমাজকর্মী ও সাংবাদিকসহ প্রায় তিন শতাধিক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিদের নৈশভোজে আপ্যায়ন করা হয়।
পেশাগত সততার স্বীকৃতিস্বরূপ সোমা এস সাঈদ নিউইয়র্ক সিটি ইক্যুয়াল রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট, রাইট অব জাস্টিস কাউন্সিলের বোর্ড মেম্বার, এশিয়ান আমেরিকান জাজ অ্যাসোসিয়েশনের সদস্য এবং কুইন্স কাউন্টি উইমেন’স বার অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
হাকিকুল ইসলাম খোকন বাপসা নিউজ
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি