02/28/2026 ভারতীয় ভিসা কার্যক্রম স্বাভাবিক করতে ইতিবাচক সংকেত, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
odhikarpatra
২৮ February ২০২৬ ০৪:২৯
ফরিদপুর, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ : বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম স্বাভাবিক করতে ভারত ইতিবাচক মনোভাব দেখাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে এবং ইতোমধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী, সোনাপুর ও যদুনন্দী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশি নাগরিকদের ভারত ভ্রমণের সুবিধার্থে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়ে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিবাচক সাড়া দিচ্ছেন। ভারতের হাইকমিশনার শিগগিরই আসছেন। আমরা আশাবাদী, দ্রুত সময়ের মধ্যেই ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে।”
তিনি আরও বলেন, দুই দেশের পারস্পরিক স্বার্থে যোগাযোগ ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করা হচ্ছে। ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সক্রিয়ভাবে কাজ করছে।
ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অত্যন্ত জরুরি। তিনি দলীয় বিভাজন ভুলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
তিনি বলেন, “দল বা পক্ষের নামে কোনো ধরনের মারামারি বা কোন্দল বরদাশত করা হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে।”
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।