04/06/2026 ফুটবলে বড় সিদ্ধান্ত: চুক্তি নবায়ন নয়, কোচ খুঁজছে বাফুফে
Special Correspondent
৫ April ২০২৬ ২৩:৪০
নিউজ ডেস্ক | অধিকারপত্র
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হাভিয়ে ক্যাবরেরার চার বছরের অধ্যায়ের আপাতত সমাপ্তি ঘটছে। আগামী ৩০ এপ্রিল শেষ হচ্ছে এই স্প্যানিশ কোচের চুক্তির মেয়াদ। শনিবার (৪ এপ্রিল) বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ক্যাবরেরার সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে কোনো চুক্তি নবায়ন করা হবে না। তবে নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবারও আবেদনের সুযোগ রাখা হয়েছে তার জন্য।
নতুন কোচের সন্ধানে বাফুফে
সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানান, ১ মে থেকে নতুন কোচ নিয়োগের জন্য আনুষ্ঠানিকভাবে জীবনবৃত্তান্ত (CV) আহ্বান করা হবে। তআমরা এখন থেকেই নতুন কোচের সন্ধানে নামছি। ক্যাবরেরা চাইলে আবারও আবেদন করতে পারবেন। অন্যান্য প্রার্থীদের মতো তাকেও ইন্টারভিউ দিতে হবে। যদি তিনি নিজেকে অন্য সবার চেয়ে যোগ্য প্রমাণ করতে পারেন তবেই তাকে পুনরায় বিবেচনা করা হবে।
বিতর্ক ও সাফল্যের খতিয়ান
২০২২ সালের ৮ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর ক্যাবরেরার অধীনে বাংলাদেশ ৩৯টি ম্যাচ খেলেছে। যার মধ্যে ১০টিতে জয়, ১০টিতে ড্র এবং ১৯টি ম্যাচে হারের মুখ দেখেছে লাল-সবুজরা। তার সময়ের সবচেয়ে বড় সাফল্য ছিল ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে দীর্ঘ ১৪ বছর পর সেমিফাইনালে ওঠা।
তবে সাফল্যের চেয়ে বিতর্কই ক্যাবরেরার পিছু ছাড়েনি বেশি। বিশেষ করে:
দল নির্বাচন: সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে ক্যাম্পে ডাকা এবং পরে রহস্যজনকভাবে বাদ দেওয়া নিয়ে ফুটবল মহলে চরম অসন্তোষ ছিল। শনিবারের সভায় কমিটির সদস্যরা এই বিষয়ে ক্যাবরেরার কড়া সমালোচনা করেন।
কৌশলগত দুর্বলতা: তার গেম প্ল্যান এবং খেলোয়াড় নির্বাচন নিয়ে ফুটবল সংশ্লিষ্টদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ ছিল।
সমন্বয়হীনতা: কমিটির সিদ্ধান্তের বাইরে বাফুফে কর্মকর্তাদের ভিন্নধর্মী মন্তব্য নিয়েও সভায় ক্ষোভ প্রকাশ করা হয়।
স্থায়ী গোলরক্ষক কোচ নিয়োগের সিদ্ধান্ত
এবারের সভায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এতদিন প্রধান কোচের সুপারিশে গোলরক্ষক কোচ নিয়োগ দেওয়া হলেও, এখন থেকে বাফুফে নিজস্ব প্রক্রিয়ায় দুই বছর মেয়াদি স্থায়ী গোলরক্ষক কোচ নিয়োগ দেবে। অর্থাৎ, প্রধান কোচের ক্ষমতার পরিধি কিছুটা সংকুচিত করা হয়েছে।
জুনের উইন্ডো ও অন্তর্বর্তীকালীন কোচ
জুন মাসে ফিফা উইন্ডোতে বাংলাদেশ দল মাঠে নামবে, যা প্রায় নিশ্চিত। থাইল্যান্ড ও মালদ্বীপের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার বিষয়ে আলোচনা চলছে। যদি ৩০ এপ্রিলের মধ্যে নতুন কোচ চূড়ান্ত না হয়, তবে জুনের এই উইন্ডোতে ক্যাবরেরাকেই সাময়িকভাবে ডাগআউটে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তদবিরের গুঞ্জন
চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তের পরপরই ফুটবল অঙ্গনে গুঞ্জন ছড়িয়েছে যে, ক্যাবরেরা পুনরায় দায়িত্ব পেতে প্রভাবশালী মহলের মাধ্যমে তদবির শুরু করেছেন। যদিও বাফুফে বলছে সবকিছু হবে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এবং বেটার অপশন পেলে ক্যাবরেরাকে আর ফেরানো হবে না।
--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র