04/13/2026 ইসরায়েলে হামলার হুমকি এরদোয়ানের
odhikarpatra
১৩ April ২০২৬ ০৭:০৫
আন্তর্জাতিক নিউজ ডেস্ক:
লেবাননে ইসরায়েলের বোমাবর্ষণ অব্যাহত থাকলে ইসরায়েলে হামলার হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘রক্ত ও ঘৃণায় অন্ধ’ বলে অভিযুক্ত করে তিনি বলেছেন, আক্রমণ না করার কোনও কারণ নেই।
গণমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এরদোয়ান বলেন, “যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতে যদি পাকিস্তান মধ্যস্থতা না করতো, তাহলে আমরা ইসরায়েলকে তার জবাব দিতাম। যেমন আমরা লিবিয়া ও কারাবাখে প্রবেশ করেছি, তেমনি প্রয়োজন হলে ইসরায়েলেও প্রবেশ করতে পারি।”
তার এই বক্তব্য এমন সময় এলো, যখন তুরস্কের প্রসিকিউটররা নেতানিয়াহুসহ ইসরায়েলের ৩৫ জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে। এতে মোট সাড়ে চার হাজার বছরেরও বেশি কারাদণ্ডের আবেদন করা হয়েছে বলে জানা গেছে।
তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সির তথ্য অনুযায়ী, ইসরায়েলের এসব কর্মকর্তা বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, নির্যাতন এবং বেআইনিভাবে স্বাধীনতা হরণের অভিযোগ আনা হয়েছে।
তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক, যিনি তদন্ত শুরুর সময় ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর ছিলেন, এই অভিযোগপত্রকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন।
এদিকে এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নেতানিয়াহু এরদোয়ানকে লক্ষ্য করে অভিযোগ করেন, তিনি নিজ দেশের কুর্দি নাগরিকদের বিরুদ্ধে দমন-পীড়ন চালিয়েছেন।
অন্যদিকে তুরস্কের অভিযোগপত্রে নাম থাকা ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ এরদোয়ানকে ‘মুসলিম ব্রাদারহুড ঘনিষ্ঠ’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ইসরায়েল শক্তি ও দৃঢ়তার সঙ্গে নিজেদের রক্ষা করা অব্যাহত রাখবে।
এছাড়া কট্টরপন্থী ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন-গাভির সামাজিক মাধ্যমে এরদোয়ানকে উদ্দেশ করে তীব্র কটূক্তি করেন, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে।
একসময় ইসরায়েল ও তুরস্কের মধ্যে ঘনিষ্ঠ কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিল। তবে সাম্প্রতিক সময়ে ইসরায়েল-হামাস সংঘাতকে কেন্দ্র করে সেই সম্পর্কের দ্রুত অবনতি ঘটেছে।
#এরদোয়ান #ইসরায়েল #তুরস্ক #মধ্যপ্রাচ্য #নেতানিয়াহু #আন্তর্জাতিকরাজনীতি #লেবানন