04/15/2026 চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমের বাসায় হাসনাত: তোপের মুখে দ্রুত স্থান ত্যাগ
Special Correspondent
১৪ April ২০২৬ ২২:০৫
নিউজ ডেস্ক | অধিকারপত্র
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে স্থানীয় ছাত্র-জনতা ও জুলাই আন্দোলনের কর্মীদের তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। আজ মঙ্গলবার দুপুরে নগরের উত্তর কাট্টলী এলাকায় সাবেক মেয়রের বাসভবন এইচ এম ভিলায় এ ঘটনা ঘটে।
ঘটনার সূত্রপাত
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ৩টার দিকে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সাবেক মেয়র মনজুর আলমের আমন্ত্রণে তাঁর বাসায় যান। হাসনাত আবদুল্লাহর আগমনের খবর ছড়িয়ে পড়লে জুলাই আন্দোলনের কর্মী, ছাত্রদল ও স্থানীয় ছাত্র-জনতা ওই বাসার সামনে জড়ো হতে শুরু করেন। একপর্যায়ে তাঁরা স্লোগান দিতে থাকেন এবং হাসনাত আবদুল্লাহর সেখানে উপস্থিতির কারণ নিয়ে প্রশ্ন তোলেন।
বিক্ষোভকারীদের অভিযোগ ও তোপ
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষুব্ধ জনতা হাসনাত আবদুল্লাহকে ঘিরে ধরে বিভিন্ন প্রশ্ন করছেন। আন্দোলনকারীদের একজন সরাসরি প্রশ্ন করেন—একজন জুলাই যোদ্ধা। সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলছেন। তাহলে আওয়ামী লীগের দোসরের বাসায় আপনার কী কাজ? বিক্ষোভকারীরা মনজুর আলমকে আওয়ামী লীগের সাবেক নেতা ও দোসর হিসেবে আখ্যা দিয়ে সেখানে কোনো গোপন রাজনৈতিক বৈঠক হচ্ছে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাসনাত আবদুল্লাহ হাত নাড়িয়ে তাঁদের শান্ত করার চেষ্টা করেন এবং ব্যক্তিগত সম্পর্কের খাতিরে চা খেতে এসেছেন বলে জানান।
এনসিপি ও সাবেক মেয়রের বক্তব্য
উদ্ভূত পরিস্থিতি নিয়ে এনসিপির চট্টগ্রাম মহানগরের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় জানান হাসনাত আবদুল্লাহ ব্যক্তিগত কাজে চট্টগ্রামে এসেছিলেন এবং মেয়রের আমন্ত্রণে এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। এদিকে রাত ৮টায় এনসিপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কিছুটা ভিন্ন সুর পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, বৈঠকে দুই নেতা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেছেন এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন। সাবেক মেয়র মনজুর আলম সাংবাদিকদের বলেন, এটি রাজনৈতিক কোনো বিষয় ছিল না ব্যক্তিগত সৌজন্য সাক্ষাৎ ছিল। তিনি আমার বাসায় বেড়াতে এসেছিলেন, এর বেশি কিছু নয়।
রাজনৈতিক প্রেক্ষাপট
উল্লেখ্য মনজুর আলম ২০১০ সালে বিএনপির সমর্থনে মেয়র নির্বাচিত হলেও পরবর্তীতে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ ও সিটি নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করেছিলেন। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে যে আসন্ন সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। আকবর শাহ থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ সজাগ থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি বিবেচনায় হাসনাত আবদুল্লাহ দ্রুত ওই এলাকা ত্যাগ করেন।
--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র