04/25/2026 বাংলাদেশ-নিউজিল্যান্ড টি–টোয়েন্টি সিরিজ: চমক আর নতুন মুখে সাজানো দুই দল
Special Correspondent
২৪ April ২০২৬ ২৩:৩৫
নিউজ ডেস্ক | অধিকারপত্র
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে বাংলাদেশ। এবার মিশন কুড়ি ওভারের ক্রিকেটে কিউইদের বধ করা। আগামী ২৭ এপ্রিল চট্টগ্রামে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ইতোমধ্যে দল ঘোষণা করেছে উভয় দেশ। যেখানে বাংলাদেশের স্কোয়াডে যেমন তারুণ্যের জয়গান, নিউজিল্যান্ড দলেও এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন।
বিশ্রামে মূল পেসাররা, নতুন মুখের জয়জয়কার
আসন্ন সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের দেওয়া এই স্কোয়াডে সবচেয়ে বড় চমক দুই তরুণ পেসার— আব্দুল গাফফার সাকলাইন ও রিপন মণ্ডল। ২৮ বছর বয়সী সাকলাইন এই প্রথম জাতীয় দলে ডাক পেলেন। মূলত বোলিং অলরাউন্ডার হিসেবে তার কার্যকারিতা পরখ করতেই এই সুযোগ। অন্যদিকে, বিপিএল ও বয়সভিত্তিক ক্রিকেটে নজর কাড়া রিপন মণ্ডল এশিয়ান গেমসের পর আবারও জাতীয় দলে ফিরেছেন। অভিজ্ঞতার ভার কমিয়ে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে দলের তিন প্রধান পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে। লিটন দাসের নেতৃত্বে এই তরুণ দল নিয়ে নির্বাচকদের প্রত্যাশা আকাশচুম্বী। প্রধান নির্বাচকের মতে, রিপন মণ্ডলের নতুন বলে উইকেট নেওয়ার ক্ষমতা এবং ডেথ ওভারে নিয়ন্ত্রণ দলকে বাড়তি সুবিধা দেবে।
নিউজিল্যান্ড স্কোয়াডে শেষ মুহূর্তের রদবদল
ওয়ানডে সিরিজ হারের বিষাদ নিয়ে দেশে ফেরার কথা ছিল মোহাম্মদ আব্বাসের। কিন্তু ভাগ্যের চাকা ঘুরল ক্রিস্টিয়ান ক্লার্কের চোটে। নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে থাকা ক্লার্ক হাতে চোট পাওয়ায় তার পরিবর্তে আব্বাসকে টি-টোয়েন্টি স্কোয়াডে রেখে দিয়েছে কিউই ম্যানেজমেন্ট। ওয়ানডেতে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে না পারলেও (তিন ইনিংসে ২৫, ১৯ ও ১৪ রান) এই ২২ বছর বয়সী অলরাউন্ডারের ওপর ভরসা রাখছে নিউজিল্যান্ড।
সিরিজের সময়সূচী
প্রথম টি-টোয়েন্টি: ২৭ এপ্রিল, চট্টগ্রাম।
দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৯ এপ্রিল, চট্টগ্রাম।
তৃতীয় টি-টোয়েন্টি: ২ মে, ঢাকা।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড (প্রথম ২ ম্যাচ):
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, মোহাম্মদ সাইফউদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।
নিউজিল্যান্ডের পরিবর্তিত স্কোয়াড:
টম লাথাম (অধিনায়ক), কাটেন ক্লার্ক, ডেন ক্লিভার, বেভান জ্যাকবস, নিক কেলি, টিম রবিনসন, মোহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, ডিন ফক্সক্রফট, নাথান স্মিথ, ম্যাট ফিশার, জেডন লেনক্স, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার ও ইশ সোধি।
সাদামাটা মূল্যে মাঠে বসে খেলা দেখার সুযোগ
দর্শকদের জন্য সুখবর নিয়ে এসেছে বিসিবি। মাত্র ১৫০ টাকায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পূর্ব গ্যালারিতে বসে দেখা যাবে মাঠের লড়াই। বিসিবির নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে এই টিকিট সংগ্রহ করা যাবে। টিকিটমূল্যের তালিকা নিচে দেওয়া হলো: গ্যালারি/স্ট্যান্ড টিকিটের মূল্য (টাকা)পূর্ব গ্যালারি ১৫০, পশ্চিম গ্যালারি২৫০, শহীদ আবু সাঈদ ও শহীদ শ্রাবণ স্ট্যান্ড ৫০০, গ্র্যান্ড স্ট্যান্ড ১৫০০।
--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র