04/27/2026 লিসবনে জেমসের কনসার্ট: প্রবাসীদের জন্য ঐতিহাসিক আয়োজন ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট-২০২৬’
odhikarpatra
২৭ April ২০২৬ ১৯:০২
অধিকারপত্র ডটকম , পর্তুগাল প্রতিনিধি,
মূল প্রতিবেদন
পর্তুগালের রাজধানী Lisbon-এ বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এক বিশেষ সাংস্কৃতিক আয়োজন সামনে আসছে। আগামী জুলাই মাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহৎ পরিসরের বাংলা কনসার্ট ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট-২০২৬’, যেখানে প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন বাংলাদেশের কিংবদন্তি রক তারকা James।
কাজা দো বাংলাদেশ ও নোটিসিয়াস বাংলার যৌথ উদ্যোগে আয়োজিত এই মেগা কনসার্ট আগামী ২৬ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটির ভেন্যু নির্ধারণ করা হয়েছে লিসবনের জনপ্রিয় লাইভ মিউজিক স্পট Lisboa Ao Vivo। বিকেল ৫টা থেকে শুরু হওয়া এ আয়োজনে জেমস তাঁর কালজয়ী জনপ্রিয় গান পরিবেশন করবেন, যা প্রবাসী দর্শকদের জন্য হয়ে উঠবে এক স্মরণীয় সন্ধ্যা।
এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই লিসবনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এটি হবে পর্তুগালে এযাবৎকালের সবচেয়ে বড় ও জমকালো বাংলা কনসার্ট।
কনসার্ট উপলক্ষে বিস্তারিত তথ্য জানাতে ২৬ এপ্রিল ২০২৬, সোমবার সন্ধ্যা ৭টায় লিসবনের এভিনিউ দে রোমায় অবস্থিত Liton’s Turkish Grill-এ একটি সংবাদ সম্মেলন ও ডিনার নাইটের আয়োজন করা হয়। এতে অংশ নেন প্রবাসী সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা।
আয়োজকরা জানিয়েছেন, দর্শকদের জন্য তিন ধরনের টিকিট রাখা হয়েছে। এর মধ্যে জেনারেল টিকিটের মূল্য ২০ ইউরো (সীমিত), গোল্ডেন সার্কেল ৫০ ইউরো এবং ভিআইপি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ ইউরো।
আয়োজক প্রতিষ্ঠানগুলোর মতে, James-এর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীর উপস্থিতি প্রবাসী বাংলাদেশিদের মাঝে সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করবে। একই সঙ্গে বিদেশের মাটিতে এক টুকরো বাংলাদেশের আবহ তৈরি হবে এই আয়োজনের মাধ্যমে।