05/01/2026 সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের
odhikarpatra
১ May ২০২৬ ১৯:০৮
অধিকার পত্র ডটকম নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শুক্রবার, ০১ মে, ২০২৬, ১৩:০৩
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর বর্তমান সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে আয়োজিত এক সম্মেলনে তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর থানা ও বিভাগীয় দায়িত্বশীলদের সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয়। ঘোষণার সময় সাদিক কায়েম নিজেও উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানিয়েছে, প্রার্থিতার বিষয়টি চূড়ান্ত হলেও আগামী দুই-এক দিনের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হতে পারে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি সাদিক কায়েম।
নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে সাদিক কায়েম ইতোমধ্যে তার জাতীয় পরিচয়পত্র খাগড়াছড়ি থেকে ঢাকায় স্থানান্তর করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। যদিও এখনো বড় পরিসরে প্রচারণা শুরু হয়নি, তবে তিনি নিয়মিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ঢাকার উত্তর ও দক্ষিণ—উভয় সিটি করপোরেশনের জন্যই দলের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে তাদের নাম প্রকাশ করা হবে।
বর্তমানে ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব পালন করা সাদিক কায়েম ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এক তরুণ নেতা। তাকে ঘিরেই ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে লড়াইয়ের কৌশল সাজাচ্ছে জামায়াত। দলটির শীর্ষ নেতৃত্ব মনে করছে, তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নির্বাচনে ভালো ফল অর্জন সম্ভব। আনুষ্ঠানিক ঘোষণা হলে তিনি পুরোদমে প্রচারণায় নামবেন বলে ধারণা করা হচ্ছে।