06/19/2026 বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
odhikarpatra
৪ May ২০২৬ ২২:২৬
ঢাকা | ০৪ মে ২০২৬:
দেশে বিনিয়োগ পরিবেশ আরও গতিশীল করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিনিয়োগকারীদের জন্য বিদ্যমান জটিলতা দূর না করলে কাঙ্ক্ষিত বিনিয়োগ আসবে না।
সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সরকার একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য অর্জনে প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ধাপ ও দীর্ঘসূত্রতা কমাতে হবে। তিনি নির্দেশ দেন, যেসব মন্ত্রণালয় বা দপ্তরের অনুমোদন অপরিহার্য নয়, সেগুলো প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কল-কারখানাগুলোতে নতুন করে বিনিয়োগ আকৃষ্ট করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। যারা আন্তরিকভাবে এসব প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে চান, তাদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে সরকার প্রস্তুত রয়েছে।
বৈঠকে বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলোতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে ঋণপ্রাপ্তি সহজ করার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।