05/05/2026 পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ে মোদির প্রথম প্রতিক্রিয়া
odhikarpatra
৪ May ২০২৬ ২৩:৫৫
অধিকার পত্র ডটকম আন্তর্জাতিক ডেক্স:
মূল প্রতিবেদন
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রেকর্ড গড়া জয়ের পেছনে দলের ‘অগণিত’ কর্মীর অবদানকে কৃতিত্ব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঐতিহাসিক এই জয়ের পর নিজের প্রথম প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদি বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে কর্মীদের নিরলস প্রচেষ্টা ও সংগ্রামের ফলেই পশ্চিমবঙ্গে বিজেপির এই সাফল্য সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, “আমি তাদের সবাইকে স্যালুট জানাই। বছরের পর বছর ধরে তারা মাঠে কঠোর পরিশ্রম করেছেন, সব ধরনের প্রতিকূলতা কাটিয়ে উঠেছেন এবং আমাদের উন্নয়নের এজেন্ডা জনগণের কাছে তুলে ধরেছেন। তারাই আমাদের দলের প্রকৃত শক্তি।”
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ২৯৪ সদস্যের পশ্চিমবঙ্গ বিধানসভার মধ্যে বিজেপি ২০৫টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ৮২টি আসনে এগিয়ে আছে।
এই ফলাফলকে বিজেপির জন্য এক ঐতিহাসিক অর্জন হিসেবে দেখা হচ্ছে, যা রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।