05/05/2026 র্যাবের তিন কর্মকর্তাকে কুপিয়ে জখম
odhikarpatra
৫ May ২০২৬ ১৯:৩৮
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরে মাদকবিরোধী অভিযানে গিয়ে র্যাবের তিন কর্মকর্তাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ মে) দুপুর ১টার দিকে শহরের মাসদাইর বাজার সংলগ্ন বোয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত র্যাব সদস্যরা হলেন মাহি, ইব্রাহিম ও নজিবুল। তাদের মধ্যে নজিবুলের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে এবং মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় গেলে একদল সন্ত্রাসী র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিন কর্মকর্তা গুরুতর আহত হন।
ঘটনার খবর পেয়ে র্যাব-১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থল ও হাসপাতালে যান এবং আহতদের খোঁজখবর নেন।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানান, তথ্য সংগ্রহের জন্য গেলে স্থানীয় সন্ত্রাসীরা র্যাব সদস্যদের ওপর হামলা চালায়। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে।