05/06/2026 আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ঢাবি শিক্ষক কারাগারে
odhikarpatra
৬ May ২০২৬ ১৯:৪৫
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার একই বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ্ত চক্রবর্তীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (৬ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী ইকবাল হোসেন তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আসামিপক্ষে আইনজীবী জামিন আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ৩০ মে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। সেই রিমান্ড শেষে তাকে আদালতে তোলা হলে আজকের এ আদেশ দেওয়া হয়।
গত ২৬ এপ্রিল ভোরে রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে শিক্ষার্থী মিমোর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর একই দিন বিকেলে রাজধানীর উদয় ম্যানসন এলাকা থেকে সুদীপ্ত চক্রবর্তীকে গ্রেপ্তার করে পুলিশ।
#ঢাবি #আত্মহত্যা #আইন_আদালত #রিমান্ড #বাংলাদেশ