05/08/2026 যানজট নিরসনে অবৈধ দোকান উচ্ছেদের দাবি, বিভিন্ন দপ্তরে স্মারকলিপি
odhikarpatra
৭ May ২০২৬ ২২:৫৯
, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ঐতিহ্যবাহী সিরাজদিখান (সদর) বাজারে তীব্র যানজট নিরসনে খাল ভরাটকৃত সড়কের দুই পাশের খাসজমি থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করে পার্কিং ব্যবস্থা চালুর দাবিতে বিভিন্ন দপ্তর ও সিরাজদিখান প্রেসক্লাবে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপিতে ২৮৯ জন ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণের স্বাক্ষর সংযুক্ত রয়েছে। এটি প্রদান করেন সিরাজদিখান বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক সিকদার।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সিরাজদিখান (সদর) বাজারটি উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। কয়েক বছর আগে জনস্বার্থে বাজারের ভেতরে কিছু দোকানপাট অপসারণ করে যান চলাচলের জন্য রাস্তা নির্মাণ করা হয়। বর্তমানে ওই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মালবাহী ট্রাক, বাস, থ্রি-হুইলারসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে।
তবে বাজারের ভেতরে যত্রতত্রভাবে টেম্পু, সিএনজি, রিকশা, ভ্যান ও মোটরসাইকেল দাঁড় করিয়ে রাখার কারণে ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে। এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন এবং ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
এ সমস্যা সমাধানে অতীতে বাজারসংলগ্ন পশ্চিম পাশের একটি সরকারি খাল ভরাট করে বিকল্প সড়ক নির্মাণ করা হয়। বর্তমানে ওই সড়কের দুই পাশে থাকা খালি খাসজমি, যা স্থানীয়ভাবে “বালুর মাঠ” নামে পরিচিত, সেখানে যানবাহনের পার্কিং ও স্ট্যান্ড করার উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেন ব্যবসায়ীরা।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে কোনো ধরনের গাড়ি না রাখার সিদ্ধান্ত থাকলেও পরবর্তীতে অবৈধভাবে দোকানপাট গড়ে উঠেছে। এতে একদিকে বৈধ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে যানজট নিরসনের জন্য নির্ধারিত পার্কিং ব্যবস্থাও বাধাগ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে সিরাজদিখান বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক সিকদার বলেন, “বৃহত্তর জনস্বার্থে ভয়াবহ যানজট নিরসনের জন্য অবৈধ দোকানপাট উচ্ছেদ করে পুরো জায়গাটি যানবাহনের পার্কিংয়ের জন্য উন্মুক্ত করা জরুরি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”
আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: