05/08/2026 মধ্যপ্রাচ্যের দুই দেশের বাধায় থমকে গেল ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’
odhikarpatra
৭ May ২০২৬ ২৩:২৬
আন্তর্জাতিক ডেস্ক:
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত নৌ-অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরব ও কুয়েত তাদের আকাশসীমা এবং সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব রিয়াদের দক্ষিণ-পূর্বে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। পাশাপাশি সৌদি আকাশসীমা দিয়ে মার্কিন সামরিক বিমান চলাচলেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই ধরনের অবস্থান নিয়েছে কুয়েতও।
মার্কিন কর্মকর্তাদের বরাতে এনবিসি নিউজ জানায়, ট্রাম্প প্রশাসনের আকস্মিক এই সামরিক পরিকল্পনায় উপসাগরীয় মিত্র দেশগুলো অপ্রস্তুত হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে আলোচনা করলেও কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।
সৌদি এক কর্মকর্তা এনবিসি নিউজকে বলেন, “সবকিছু খুব দ্রুত ঘটছে।” তবে তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে পাকিস্তানের মধ্যস্থতামূলক কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেন।
অন্যদিকে হোয়াইট হাউস দাবি করেছে, আঞ্চলিক মিত্রদের আগেই পরিকল্পনার বিষয়ে অবহিত করা হয়েছিল। তবে মধ্যপ্রাচ্যের এক কূটনীতিক জানিয়েছেন, প্রকাশ্যে ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্র মূলত শুধু ওমানের সঙ্গেই যোগাযোগ করেছিল।
এদিকে ট্রাম্প পরিকল্পনা স্থগিত করার পর ইরানও নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে। দেশটির বন্দর ও সামুদ্রিক সংস্থা জানিয়েছে, হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে জ্বালানি, খাদ্য ও চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তা দিতে তারা প্রস্তুত রয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ও কুয়েতের এই অবস্থান যুক্তরাষ্ট্রের জন্য কূটনৈতিক চাপ বাড়িয়েছে। একই সঙ্গে এটি উপসাগরীয় অঞ্চলে সামরিক জোটের ভেতরে ভিন্নমতের বিষয়টিও সামনে নিয়ে এসেছে।