05/11/2026 শিক্ষার নতুন ভোরের খোঁজে: বাংলাদেশের শ্রেণিকক্ষে কি আবার ফিরবেন রবীন্দ্রনাথ?
Dr Mahbub
১০ May ২০২৬ ২০:০৮
রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদর্শন কি আজও বাংলাদেশের শিক্ষা সংস্কারের কার্যকর পথনির্দেশ হতে পারে? তিনটি ভিন্ন বাস্তবতার গল্প, শিক্ষকদের অভিজ্ঞতা, গ্রামীণ স্কুলের সংকট, শহুরে প্রতিযোগিতার চাপ এবং রাষ্ট্রীয় নীতির আলোচনাকে একত্র করে এই দীর্ঘ ফিচার নিবন্ধ অনুসন্ধান করেছে শিক্ষার প্রকৃত অর্থ। এটি শুধু রবীন্দ্রজয়ন্তীর আবেগ নয়; বরং বাংলাদেশের ভবিষ্যৎ শিক্ষা কাঠামো নিয়ে গভীর প্রশ্ন তোলার একটি প্রয়াস।
আষাঢ়ের শেষ বিকেলে দূরের চরাঞ্চলটাকে মনে হচ্ছিল যেন মেঘ আর জলের ভেতর ভেসে থাকা কোনো নিঃসঙ্গ দ্বীপ। টিনের চাল ফুঁড়ে বৃষ্টির পানি পড়ছে টুপটাপ। ভাঙা বেড়ার পাশ দিয়ে কাদামাটি মাড়িয়ে স্কুলে ঢুকছিল তৃষা। তার হাতে পুরোনো এক খাতা, ভেতরে গুঁজে রাখা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শিক্ষা’ প্রবন্ধের একটি ফটোকপি। শ্রেণিকক্ষে শিক্ষক ব্ল্যাকবোর্ডে অঙ্ক লিখছেন, কিন্তু তৃষার চোখ জানালার বাইরে। নদীর ওপারে উড়ে যাওয়া বক, ভেজা ঘাস, বাতাসে দুলতে থাকা কাশফুলের দিকে তাকিয়ে তার মনে হচ্ছিল, এই পৃথিবীটাই যদি পাঠশালা হতো!
বাংলাদেশের অসংখ্য শিশুর মতো তৃষাও জানে না, প্রায় এক শতাব্দী আগে রবীন্দ্রনাথ ঠিক এমন এক শিক্ষার স্বপ্নই দেখেছিলেন। এমন শিক্ষা, যেখানে মুখস্থ বিদ্যার চেয়ে বড় হবে অনুভব, পরীক্ষার নম্বরের চেয়ে মূল্যবান হবে আবিষ্কারের আনন্দ, আর চার দেয়ালের চেয়ে বিস্তৃত হবে প্রকৃতির খোলা আকাশ।
আজ, রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী ঘিরে যখন শিক্ষা সংস্কারের আলোচনা আবারও নতুন করে উচ্চারণ করছি, তখন প্রশ্নটি আরও তীব্র হয়ে ওঠেছে: বাংলাদেশের বর্তমান বাস্তবতায় রবীন্দ্রনাথের শিক্ষাদর্শন কি সত্যিই ফিরে আসতে পারে? নাকি তা কেবল মঞ্চের গান, স্মারক বক্তৃতা আর আনুষ্ঠানিক শ্রদ্ধার মধ্যেই সীমাবদ্ধ থাকবে?
ঢাকার একটি নামী ইংরেজি মাধ্যম স্কুলে সকাল শুরু হয় ভোরের ক্লান্তি নিয়ে। ক্লাস, কোচিং, অনলাইন অ্যাসাইনমেন্ট, মডেল টেস্ট— দিন শেষে শিক্ষার্থীরা যেন আর শিশু থাকে না, হয়ে ওঠে পরীক্ষাকেন্দ্রিক যন্ত্র। দশম শ্রেণির ছাত্র রাইয়ান বলছিল, তার রবীন্দ্রনাথ পড়তে ভালো লাগে, কিন্তু পরীক্ষায় নম্বর তুলতে হলে গাইডবইয়ের ভাষাই মুখস্থ করতে হয়। তার কণ্ঠে লুকিয়ে ছিল এই সময়ের শিক্ষাব্যবস্থার এক গভীর ট্র্যাজেডি। আমরা কি শিশুদের শেখাচ্ছি, নাকি শুধু প্রতিযোগিতার জন্য তৈরি করছি?
রবীন্দ্রনাথ বহু আগেই বুঝেছিলেন, শিক্ষা কেবল তথ্য সঞ্চয়ের নাম নয়। তিনি লিখেছিলেন, “শিক্ষার উদ্দেশ্য কেবল তথ্য দেওয়া নয়; মানুষের মধ্যে জীবনশক্তি জাগিয়ে তোলা।” তাঁর কাছে শিক্ষা ছিল আত্মপ্রকাশের পথ, মানুষের ভেতরের সুপ্ত সম্ভাবনাকে জাগিয়ে তোলার শিল্প। তাই শান্তিনিকেতনে তিনি গড়ে তুলেছিলেন এক ভিন্ন পৃথিবী। সেখানে পাঠ্যবইয়ের পাশাপাশি ছিল গান, নাটক, কৃষিকাজ, প্রকৃতি পর্যবেক্ষণ, শিল্পচর্চা ও বিশ্বসংস্কৃতির সঙ্গে পরিচয়ের সুযোগ। তিনি বিশ্বাস করতেন, জ্ঞানের সঙ্গে অনুভূতির সম্পর্ক না ঘটলে শিক্ষা প্রাণহীন হয়ে পড়ে।
আজকের বাংলাদেশের বাস্তবতায় দাঁড়িয়ে এই দর্শন নতুনভাবে আলো ফেলে। কারণ এ দেশের শিক্ষাব্যবস্থা ক্রমশ চাকরিমুখী প্রতিযোগিতার সংকীর্ণ পথে বন্দি হয়ে পড়ছে। খুলনার একটি কোচিং সেন্টারের সামনে দাঁড়িয়ে পনেরো বছরের রুবেল বলছিল, “ভালো রেজাল্ট ছাড়া জীবন নেই। বাবা বলেন, রবীন্দ্রনাথ দিয়ে চাকরি হবে না।” এই নির্মম বাক্যের মধ্যে বাংলাদেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের দীর্ঘ অর্থনৈতিক অনিশ্চয়তার ইতিহাস লুকিয়ে আছে। দরিদ্র বাবা-মা চান সন্তান অন্তত এমন একটি জীবন পাক, যেখানে অভাব তাকে প্রতিদিন অপমান করবে না। ফলে আনন্দের শিক্ষা অনেক সময় বিলাসিতা বলে মনে হয়।
কিন্তু রবীন্দ্রনাথ কখনো জীবিকার প্রয়োজন অস্বীকার করেননি। বরং তিনি চেয়েছিলেন এমন শিক্ষা, যা মানুষকে শুধু কর্মী নয়, মানুষ হিসেবেও গড়ে তুলবে। তাঁর শ্রীনিকেতন প্রকল্পে কৃষি, কারুশিল্প, বিজ্ঞান ও সংস্কৃতিকে একসঙ্গে যুক্ত করার চেষ্টা ছিল। তিনি জানতেন, সমাজের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন শিক্ষা দীর্ঘস্থায়ী হয় না।
বাংলাদেশের শিক্ষা সংকটের আরেকটি মুখ দেখা যায় কুমিল্লার এক গ্রামীণ বিদ্যালয়ে। বৃষ্টিভেজা শ্রেণিকক্ষে দাঁড়িয়ে একজন প্রধান শিক্ষিকা শিশুদের রবীন্দ্রনাথ পড়াচ্ছিলেন। হঠাৎ ছোট্ট নাজমা প্রশ্ন করেছিল, “ম্যাডাম, ভিজে কাপড়ে বসে থাকলে কি শিক্ষা হয়?” প্রশ্নটি যেন পুরো দেশের শিক্ষাব্যবস্থার দিকে ছুড়ে দেওয়া এক নির্দয় সত্য। কারণ নীতিপত্রে যত স্বপ্নই লেখা থাকুক, দেশের বহু বিদ্যালয়ে এখনো পর্যাপ্ত টয়লেট নেই, বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই, খেলার মাঠ নেই। অথচ রবীন্দ্রনাথের কাছে পরিবেশ ছিল শিক্ষার অপরিহার্য অংশ। তিনি মনে করতেন, প্রকৃতির সঙ্গে সংযোগ ছাড়া শিশুর মানসিক বিকাশ অসম্পূর্ণ থেকে যায়। শান্তিনিকেতনের খোলা আকাশের পাঠশালা তাই শুধু নান্দনিকতার বিষয় ছিল না; সেটি ছিল এক গভীর দার্শনিক অবস্থান। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন, প্রকৃতি মানুষের চেতনা প্রসারিত করে। তিনি লিখেছিলেন, “মানুষের সঙ্গে প্রকৃতির যে আত্মীয়তা, শিক্ষা তারই দ্বার উন্মুক্ত করে।”
ডিজিটাল যুগে দাঁড়িয়ে সেই দর্শন আরও নতুন অর্থ পায়। বরিশালের একটি সরকারি বিদ্যালয়ে চালু হওয়া “মোবাইল বোটানিক্যাল গার্ডেন” প্রকল্পে শিক্ষার্থীরা মোবাইলে গাছের ছবি তুলে এনে শ্রেণিকক্ষে আলোচনা করে। শিক্ষক গাছের বৈশিষ্ট্য, পরিবেশগত ভূমিকা এবং স্থানীয় সংস্কৃতির সঙ্গে তার সম্পর্ক নিয়ে কথা বলেন। যেন ‘নিজে দেখা, নিজে শেখা’র আধুনিক সংস্করণ। আবার একই সময়ে শহরের শিশুরা মোবাইল আসক্তিতে আক্রান্ত, আর গ্রামের বহু শিশু ডিজিটাল সুবিধা থেকেই বঞ্চিত। প্রযুক্তি মানুষকে যেমন কাছে আনছে, তেমনি নতুন বৈষম্যও তৈরি করছে।
এই বৈষম্য বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সবচেয়ে ভয়াবহ সংকটগুলোর একটি। রাজধানীর ব্যয়বহুল স্কুল আর গ্রামের জরাজীর্ণ বিদ্যালয়ের দূরত্ব শুধু অবকাঠামোর নয়, ভবিষ্যতেরও। একদিকে স্মার্ট ক্লাসরুম, অন্যদিকে বেঞ্চবিহীন পাঠশালা। রাজশাহীর এক কলেজে বক্তৃতা দিতে গিয়ে একজন শিক্ষক বলছিলেন, “গরিবের সন্তান ব্যাটারির আলোয় পড়ে, ধনীর সন্তান বিদেশে পড়ে।” কথাটি তীব্র, কিন্তু অস্বীকার করা যায় না।
রবীন্দ্রনাথ এই বিভাজনের বিপদ বহু আগেই বুঝেছিলেন। তিনি বিশ্বাস করতেন, যে শিক্ষা সমাজকে বিভক্ত করে, তা কখনো জাতিকে মুক্তি দিতে পারে না। তাঁর শিক্ষাদর্শন ছিল গভীরভাবে সমাজমনস্ক। আজ যখন ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ভিন্ন ভিন্ন সামাজিক শ্রেণি তৈরি করছে, তখন তাঁর দর্শন নতুন করে প্রশ্ন তোলে: আমরা কি একটি বিভক্ত জাতি তৈরি করছি?
এই প্রশ্ন আরও তীব্র হয়ে ওঠে ভাষার প্রসঙ্গে। রাজধানীর বহু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে শিশুরা সাবলীল ইংরেজি বললেও বাংলা লিখতে গিয়ে থমকে যায়। আবার বাংলা মাধ্যমের বহু শিক্ষার্থী ইংরেজিভীতিতে ভোগে। ফলে দুই ধারার শিক্ষার মাঝখানে তৈরি হচ্ছে সাংস্কৃতিক ও মানসিক বিভাজন। রবীন্দ্রনাথ এই বিপদ অনেক আগেই অনুভব করেছিলেন। মাতৃভাষাকে তিনি তুলনা করেছিলেন “মাতৃদুগ্ধ”-এর সঙ্গে। তাঁর ভাষায়, “ইংরাজিতে যাহা শিখি তাহা মনের মধ্যে কেবল জমা হইতে থাকে, কিন্তু মাতৃভাষায় যাহা শিখি তাহা মনের মধ্যে পরিপাক হইয়া যায়।”
এই উপলব্ধি শুধু ভাষাতাত্ত্বিক ছিল না; ছিল গভীর মনস্তাত্ত্বিক। তিনি বুঝেছিলেন, শিশুর প্রথম জগত তার মায়ের ভাষা। সেই ভাষা থেকেই সে পৃথিবীকে অনুভব করতে শেখে। তাই তিনি চাইতেন, শিশুর শিকড় যেন মাতৃভাষায় দৃঢ় হয়, তারপর সে বিশ্বের অন্যান্য ভাষা ও জ্ঞানের দিকে এগিয়ে যাক। তিনি আরেকটি বড় সত্য উচ্চারণ করেছিলেন: আধুনিক শিক্ষা আমাদের জীবনের ভিতরের সামগ্রী হয়ে ওঠেনি, অনেক সময় তা সাইনবোর্ডে টাঙানো স্কুলের জিনিস হয়ে থেকেছে। এই কথাটি আজও অস্বস্তিকরভাবে সত্য। পাঠ্যসূচি বদলাচ্ছে, পরীক্ষার ধরন বদলাচ্ছে, প্রযুক্তি আসছে, কিন্তু শিক্ষা অনেক শিশুর জীবনবোধ, ভাষা, পরিবার, প্রকৃতি ও সমাজের সঙ্গে জুড়তে পারছে না। ফলে জ্ঞান নোটবুকে জমা থাকে, জীবনে ফলতে চায় না।
রবীন্দ্রনাথের সবচেয়ে শক্তিশালী বক্তব্যগুলোর একটি ছিল এই যে, “আধুনিক শিক্ষা তার বাহন পায় নাই।” অর্থাৎ শিক্ষার বিষয় যতই উন্নত হোক, তার চলার পথ যদি মানুষের ভাষা, সমাজ, সংস্কৃতি ও বাস্তব জীবনের সঙ্গে যুক্ত না হয়, তবে তা গভীরে পৌঁছায় না। বাংলাদেশের শিক্ষাব্যবস্থার বর্তমান সংকটও অনেকখানি এই জায়গায়। আমরা শিক্ষার কাঠামো বদলাই, কিন্তু শিক্ষার বাহন বদলাই না। আমরা নতুন শব্দ আনি, কিন্তু শিশুর অভিজ্ঞতার সঙ্গে তার যোগ ঘটাই না।
শিক্ষার আলোকে রবীন্দ্রনাথ মনে করতেন জাগরণের দিশা এবং সামনে যাওয়ার সংযোগ।“শিক্ষার বাহন” প্রবন্ধে রবীন্দ্রনাথ লেখেন, শিক্ষা শুধু চাকরির সিঁড়ি নয়। তাঁর চোখে এটি মানুষকে জাগিয়ে তোলার, মানুষে মানুষে বন্ধন গড়ে তোলার পথ। দিনের আলো আমরা যেমন শুধু কাজের জন্য ব্যবহার করি না, তেমনই বিদ্যাকে কেবল পরীক্ষায় পাস করার কাজেই লাগালে তার প্রাণ নষ্ট হয়। আজ, যখন আমাদের শিক্ষাব্যবস্থা আরও বেশি বিভাজনের জন্ম দিচ্ছে, তখন রবীন্দ্রনাথের এই দৃষ্টিভঙ্গি নতুন করে ভাবায়।
রবীন্দ্রনাথ মনে করতেন জ্ঞান একদিকে যেমন ঐক্যের স্বপ্ন তৈরি করে, তেমনি আবার বিভাজনের ছবিও দেখায়। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন, সত্যিকার শিক্ষা মানুষে মানুষে সেতু গড়ে দেয়। দেশ, ভাষা বা শ্রেণির সীমা পেরিয়ে যারা শেখে তাদের মধ্যে এক ধরনের আত্মীয়তা তৈরি হয়। বর্তমান বাংলাদেশে শহর ও গ্রাম, ধনী ও গরিব, বাংলা ও ইংরেজি মাধ্যমের মধ্যে দূরত্ব বাড়ছে। শিক্ষালয়গুলো যদি মিলনের বদলে দেয়াল তোলে, তবে সেই ব্যবস্থার উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হয়ে যায়।
রবীন্দ্রনাথ শিক্ষার অবাধ বিস্তারে জোর দিতে নদী ও বর্ষার তুলনা টেনেছেন। নদী যেমন একটি পথে বয়, কিন্তু বর্ষা সারা আকাশ জুড়ে বৃষ্টি ছড়ায়। ফসলের জন্য বৃষ্টি যেমন জরুরি, তেমনই শিক্ষাও সবার জন্য উন্মুক্ত হওয়া দরকার। কিছু শহর বা বিশেষ শ্রেণির সীমায় বিদ্যা আটকে থাকলে পুরো সমাজ অন্ধকারে থাকে। শিক্ষার আলো চরাঞ্চল, পাহাড়, মফস্বল—সবখানে পৌঁছানোই হওয়া উচিত।
আধুনিক শিক্ষার বাহনহীনতা সম্পর্কে তিনি বলেন, বিষয়ের আধুনিকতা থাকলেই শিক্ষা সফল হয় না। এই জ্ঞান যদি আমাদের ভাষা, সংস্কৃতি ও জীবনের সঙ্গে না মিলে, তবে তা কাগজে থাকে, জীবনে নয়। আমরা পাঠ্যক্রম বদলাতে পারি, নতুন শব্দ শিখতে পারি, কিন্তু যদি শিক্ষার্থীরা নিজের অভিজ্ঞতার সঙ্গে তা মেলাতে না পারে, তাহলে অগ্রগতি হয় না।
বাহ্যিক সাজসজ্জার ফাঁকা বাহুল্য পরিত্যাগে আহ্বান জানায় রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ স্মার্ট ভবন বা প্রযুক্তিকে অস্বীকার করেননি, কিন্তু তিনি মনে করতেন এগুলো কেবল সহায়ক। শিক্ষকের অভাব, বইয়ের অভাব বা নিরাপদ শ্রেণিকক্ষের অভাবে যদি শিক্ষার্থী ব্যাহত হয়, তবে সোনালি থালা দিয়ে খালি পাত বসানোর মতো অবস্থা দাঁড়ায়। শিক্ষার প্রকৃত পরিবেশ তৈরি করতে আগে দরকার শিক্ষক, বই, মাঠ ও ভাষা স্বাধীনতা।
শান্তিনিকেতনের পাঠে অন্তঃকরণের গুরুত্ব দিয়েছিলেন রবীন্দ্রনাথ। আসলে গাছতলায় গড়ে ওঠা শান্তিনিকেতন ছিল রবীন্দ্রনাথের শিক্ষাদর্শের মূর্ত রূপ। সেখানে কৌতূহল ও সৃষ্টির চর্চাকে গুরুত্ব দেওয়া হয়েছে; দালান নয়, প্রাণ ছিল মুখ্য। তিনি দেখাতে চেয়েছিলেন, সীমিত সামর্থ্যের ভেতরেও শিক্ষা প্রাণবন্ত হতে পারে, যদি অন্তরের আগ্রহ ও মুক্তি থাকে।
শিক্ষা হতে হবে নিজের মেজাজে। রবীন্দ্রনাথ মনে করতেন, বাইরের জ্ঞান নেয়া যায়; কিন্তু শিক্ষার স্বভাব ধার করা যায় না। বৈশ্বিক বিজ্ঞান, ইংরেজি ভাষা, প্রযুক্তি—এসব আমরা গ্রহণ করতেই পারি। তবে এগুলোকে আমাদের সমাজ ও মাতৃভাষার সঙ্গে তাল মিলিয়ে নিতে হবে। নইলে এই শিক্ষা এমন পোশাকের মতো হবে, যা আমরা পরেছি কিন্তু তা আমাদের শরীরের মাপে নয়।
শিক্ষাকে রবীন্দ্রনাথ মনে করতেন সবার অধিকার হিসেবে। তিনি শিক্ষাকে কখনো দুর্লভ বা পণ্যের মতো করে রাখার পক্ষে ছিলেন না। শিক্ষার আলো কয়েকটি ঘরে নয়, সারা দেশে ছড়াতে হবে। আজও শহরের বাইরে অনেক এলাকায় বিদ্যালয় নেই, শিক্ষক নেই, বই নেই। সত্যিকার পরিবর্তন আনতে হলে শিক্ষা নীতি তৈরি ও বাস্তবায়নে এই অসমতা দূর করা দরকার।
বিদ্যালয়গুলো যেনো আহকের যুগে হয়ে ওঠেছে মুখস্থবিদ্যার কারাগার। “শিক্ষার হেরফের” প্রবন্ধে রবীন্দ্রনাথ যে শিশুর ছবি এঁকেছিলেন, সেটা আজও দেখা যায়। অনেক দেশে শিশুরা মাঠে দৌড়ে, গাছ ছুঁয়ে জ্ঞান পায়; আমাদের শিশুরা ঘণ্টার পর ঘণ্টা বেঞ্চে বসে মুখস্থ করে। এই মুখস্থনির্ভরতা শিশুর কল্পনা ও চিন্তাশক্তিকে সীমাবদ্ধ করে। ডিজিটাল সহায়তা আসায় প্রেক্ষাপট বদলেছে, কিন্তু মননের জায়গায় সীমাবদ্ধতা থেকে গেছে।
জ্ঞান ও নির্মাণের ভারসাম্য আনতে কাজ করার আহ্বান জানিয়ে, রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমরা অনেক তথ্য জমা করছি, কিন্তু মননের জন্য বাসযোগ্য ঘর তৈরি করতে পারছি না। সিলেবাস ফুলে উঠছে, কোচিং বাড়ছে, সনদ বাড়ছে, কিন্তু ভাবনা ও সৃজনশীলতা একই গতিতে বাড়ছে না। এই অসামঞ্জস্য শিক্ষার প্রকৃত উদ্দেশ্যকে ব্যাহত করছে।
সাহিত্যের ভেজা বাতাস শিক্ষাকে করে সংহত। তিনি মনে করতেন, ছোটবেলায় সাহিত্যের স্পর্শ না পেলে পরে জীবন আর জ্ঞানের মধ্যে মেলবন্ধন তৈরি হয় না। আমাদের অনেক বিদ্যালয়ে লাইব্রেরি নেই, গল্পের বই হাতে পায় না অনেক শিশু। পাঠ্যবইয়ের বাইরে সাহিত্য না পড়লে তারা ভাষা তো শিখে, কিন্তু মানুষের মনের কথা বোঝার সুযোগ পায় না। এটি আমাদের পাঠাভ্যাসে শূন্যতা তৈরি করছে।
গ্রন্থজগৎ ও বসতিজগৎ-এর মধ্যকার গ্যাপ নিরসন দরকার। রবীন্দ্রনাথ সতর্ক করে দিয়েছিলেন, আমাদের অনেক শিক্ষিত মানুষ ইউরোপীয় দর্শন মুখস্থ করে কিন্তু নিজের সমাজ ও পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আজও শ্রেণিকক্ষে জলবায়ু পরিবর্তনের ইংরেজি রচনা লেখা হলেও শিশুর নিজের গ্রামের নদীভাঙন বা কৃষকের গল্পের সঙ্গে শিক্ষা মেলে না। বইয়ের জগত ও বসতির জগতের এই দূরত্ব কমাতে শিক্ষা ব্যবস্থায় স্থানীয় বাস্তবতা ও সংস্কৃতিকে গুরুত্ব দিতে হবে।
বিদেশি ভাষায় জ্ঞান নেওয়া যায়, কিন্তু ভাবের প্রকাশের জন্য মাতৃভাষার ভূমিকা অনন্য। ভাষা ও ভাবের মিল না ঘটলে শিক্ষা কেবল মুখস্থ তথ্য হয়ে থাকে। ইংরেজি বা অন্য ভাষা শেখা জরুরি হলেও শিক্ষার্থীদের নিজের ভাষায় আত্মপ্রকাশ ও ভাবনার সুযোগ দিতে হবে, যাতে তারা শেকড় ছাড়াই বিশ্বমুখী হতে পারে।
শিক্ষা হতে জীবনের জন্য। রবীন্দ্রনাথের ‘হেরফের’ শব্দে এক ধরনের বিচ্ছেদের আভাস আছে। ক্ষুধা ও অন্ন, শীত ও কাপড়, ভাব ও ভাষা, শিক্ষা ও জীবন—এই সবগুলো যেন একসঙ্গে না মিললে আমরা সম্পূর্ণ হতে পারি না। আজকের শিক্ষাব্যবস্থায় পাঠ্যবই আর বাস্তব জীবন, নম্বর আর মানবিকতা, সনদ আর সহমর্মিতার মধ্যে বড় ফাঁক দেখা যায়। রবীন্দ্রনাথ আমাদের স্মরণ করিয়ে দেন, শিক্ষা যদি মানুষের অভিজ্ঞতা ও কল্পনার সঙ্গে না মেলে, তবে তা শুধু কারিগর তৈরি করে; আর যদি ভাষা, সংস্কৃতি, প্রকৃতি ও মানবিকতা মিশে যায়, তবে সেটি জাতির মনন ও স্বপ্ন জাগাতে পারে।
আজকের বাংলাদেশে এই কথাগুলো আরও প্রাসঙ্গিক। কারণ শিক্ষার্থীরা এখন শুধু পরীক্ষার চাপে নয়, মানসিক চাপেও বিপর্যস্ত। উদ্বেগ, হতাশা, আত্মহত্যা— শিক্ষাজীবনের সঙ্গে এই শব্দগুলো ক্রমেই জড়িয়ে যাচ্ছে। পরীক্ষার ভয়, সামাজিক তুলনা, পারিবারিক প্রত্যাশা ও ডিজিটাল বিভ্রান্তি অনেক শিশুকে ভেতর থেকে ক্লান্ত করে দিচ্ছে। অথচ রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন, ভয়ের মধ্যে শিক্ষা দেওয়া যায় না। তিনি আনন্দকে শিক্ষার কেন্দ্রে রাখতে চেয়েছিলেন।
এই ভাবনা আজকের বাংলাদেশের জন্য বিশেষ জরুরি। কারণ শিক্ষার আলো এখনও দেশের বহু অঞ্চলে মিটমিট করে জ্বলে। কোথাও বিদ্যালয় আছে, কিন্তু শিক্ষক নেই; কোথাও শিক্ষক আছেন, কিন্তু উপকরণ নেই; কোথাও উপকরণ আছে, কিন্তু শেখার আনন্দ নেই। রবীন্দ্রনাথ যে “জ্ঞানের প্রদীপ”-এর কথা বলেছিলেন, তা যদি দূরে দূরে ক্ষীণ আলো হয়ে থাকে, তবে জাতির সামগ্রিক জাগরণ অসম্পূর্ণ থেকে যায়।
চাঁদপুরের এক স্কুলের সেমিনারে নবম শ্রেণির এক ছাত্রী প্রশ্ন করেছিল, “আমাদের ফোন ব্যবহার করতে দেওয়া হয় না, কিন্তু পরীক্ষার চাপ থেকেও মুক্তি নেই। তাহলে আনন্দ কোথায়?” এই প্রশ্নটি শুধু একটি মেয়ের নয়; পুরো প্রজন্মের।
বাংলাদেশের বহু শ্রেণিকক্ষে এখনো শিক্ষক মানে কর্তৃত্ব, শাস্তি ও একমুখী বক্তৃতা। অথচ রবীন্দ্রনাথ শিক্ষকের ভূমিকাকে দেখেছিলেন সহযাত্রীর মতো। সিরাজগঞ্জের এক শিক্ষক প্রতি শুক্রবার ছাত্রদের নিয়ে মাঠে বসতেন। সবাই নিজেদের ভয়, স্বপ্ন, পারিবারিক কষ্টের কথা বলত। তারপর সেই গল্প থেকেই লেখা হতো ছোট গল্প, কবিতা কিংবা নাটক। প্রথমে ছাত্ররা ভয় পেত, পরে তারাই বই খুঁজে পড়তে শুরু করে। এই পরিবর্তনের জন্য বড় বাজেট লাগে না; লাগে শিক্ষককে মানুষ হিসেবে ভাবার সুযোগ।
ময়মনসিংহের একটি বিদ্যালয়ে এক শিক্ষিকা নজরুলের গান গেয়ে গণিত শেখান। তাল মিলিয়ে শিশুরা সেট থিওরি বোঝে। কেউ প্রথমে হাসাহাসি করেছিল, পরে দেখা গেল শিক্ষার্থীরা আগের চেয়ে দ্রুত বুঝছে। এ যেন শিক্ষা ও আনন্দের পুনর্মিলন।
রবীন্দ্রনাথ শিল্প, সৌন্দর্য ও সৃজনশীলতাকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ মনে করতেন। কিন্তু আজ শিল্পচর্চা প্রায়ই ‘অতিরিক্ত কার্যক্রম’ হিসেবে বিবেচিত হয়। ঢাকার এক বিদ্যালয়ে রবীন্দ্রজয়ন্তীতে শিশুদের ঘুড়ি ওড়াতে দেওয়া হয়েছিল। পরে কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, এতে পড়াশোনার ক্ষতি হচ্ছে। এই দৃষ্টিভঙ্গি আসলে আমাদের শিক্ষাবোধের সংকটকে উন্মোচন করে। আমরা ফল চাই, কিন্তু বিকাশ চাই না; নম্বর চাই, কিন্তু মনন চাই না।
তবু এই অন্ধকারের মধ্যেও আশার রেখা আছে। সিলেটের একটি গ্রামের স্কুলে এক তরুণ শিক্ষক রবীন্দ্রজয়ন্তীতে ছাত্রদের নিয়ে গাছ লাগিয়েছিলেন। সেই গাছের উচ্চতা মেপে শিশুরা গণিত শিখেছে, পাতার গঠন দেখে জীববিজ্ঞান, আর গাছ নিয়ে কবিতা লিখে বাংলা। তিনি কোনো বড় প্রকল্পের অংশ নন। কিন্তু তাঁর কাজের মধ্যে রবীন্দ্রদর্শনের প্রাণ আছে। কারণ শিক্ষা শেষ পর্যন্ত মানুষের ভেতরে কৌতূহল জাগিয়ে তোলার শিল্প।
বাংলাদেশে শিক্ষা সংস্কার নিয়ে আলোচনা যত বাড়ছে, তার বড় অংশই নীতিপত্রকেন্দ্রিক। অথচ বাস্তব পরিবর্তন শুরু হয় শ্রেণিকক্ষে। শুরু হয় তখন, যখন একটি শিশু ভয় ছাড়াই প্রশ্ন করতে পারে; যখন শিক্ষক উত্তর দেওয়ার আগে শুনতে শেখেন; যখন অভিভাবক নম্বরের বাইরে সন্তানের মনকেও দেখতে চান; যখন রাষ্ট্র শিক্ষা খাতে বিনিয়োগকে ব্যয় নয়, ভবিষ্যতের ভিত্তি হিসেবে বিবেচনা করে।
রবীন্দ্রনাথের শিক্ষাদর্শনের সবচেয়ে বড় শক্তি এখানেই। তিনি মানুষকে কেন্দ্র করে ভাবতেন। তাঁর কাছে শিক্ষা ছিল স্বাধীনতার চর্চা, সৌন্দর্যবোধের বিকাশ, মানবিকতার অনুশীলন। আজ কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের যুগে তথ্য মেশিনও দিতে পারে, কিন্তু সহমর্মিতা, নৈতিকতা, কল্পনাশক্তি ও সৃজনশীলতা এখনো মানুষেরই সৃষ্টি করতে হয়। এই জায়গাতেই রবীন্দ্রনাথ আবার ফিরে আসেন।
রবীন্দ্রনাথের ১৬৩তম জন্মবার্ষিকী ঘিরে আবারও শিক্ষা সংস্কার নিয়ে আলোচনা জোরালো হয়েছে। শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষকসমাজের একাংশ মনে করছেন, পরীক্ষাকেন্দ্রিক শিক্ষাব্যবস্থার সংকট কাটাতে এখন প্রয়োজন মানবিক, সৃজনশীল ও অভিজ্ঞতাভিত্তিক শিক্ষার নতুন দিগন্ত। কিন্তু গ্রামবাংলার ভাঙা স্কুল, শহরের কোচিং নির্ভর প্রতিযোগিতা, শিক্ষকদের অনিশ্চিত জীবন আর বৈষম্যের বাস্তবতায় রবীন্দ্রদর্শন কি কেবল স্মারক বক্তৃতার ভাষণ হয়েই থাকবে? বাংলাদেশের বর্তমান শিক্ষাব্যবস্থার দিকে তাকালে রবীন্দ্রনাথের “শিক্ষার হেরফের” প্রবন্ধের কথাগুলো অস্বস্তিকরভাবে সত্য বলে মনে হয়। তিনি লিখেছিলেন, শিশুকে যদি কেবল “অত্যাবশ্যক” শিক্ষার সংকীর্ণ ঘেরাটোপে আটকে রাখা হয়, তবে তার মন কখনো পূর্ণ বিকাশ লাভ করতে পারে না। মানুষের যেমন শুধু শরীর ঢাকার জন্য সাড়ে তিন হাত জায়গা যথেষ্ট নয়, তেমনি শিক্ষারও প্রয়োজন অবকাশ, স্বাধীনতা ও আনন্দ। অথচ আজকের বাংলাদেশের অসংখ্য শিশু সকাল থেকে রাত পর্যন্ত কোচিং, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট আর মুখস্থবিদ্যার চাপে এমনভাবে বন্দি হয়ে আছে, যেন শিক্ষা কোনো প্রাণের বিকাশ নয়, কেবল প্রতিযোগিতার প্রস্তুতি।
রবীন্দ্রনাথ গভীর বেদনার সঙ্গে লিখেছিলেন, আমাদের শিক্ষার সঙ্গে আনন্দের সম্পর্ক ক্রমশ বিচ্ছিন্ন হয়ে গেছে। শিশুরা কেবল যা “নিতান্ত আবশ্যক” তাই মুখস্থ করছে; কিন্তু বিকশিত হচ্ছে না। তাঁর সেই উপমা আজও শিহরণ জাগায়: আহার যেমন হজমের জন্য বাতাসের প্রয়োজন হয়, তেমনি শিক্ষাকেও সত্যিকারভাবে আত্মস্থ করতে দরকার স্বাধীন পাঠ, সাহিত্য, কল্পনা ও আনন্দ। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় এই সংকট আরও প্রকট। অনেক শিক্ষার্থী পাঠ্যবইয়ের বাইরে গল্পের বই পড়াকে সময়ের অপচয় মনে করে। অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করেন, “এতে পরীক্ষায় নম্বর বাড়বে তো?” ফলে শিশুমন ধীরে ধীরে কৌতূহল হারায়।
রাত গভীর হলে তৃষা জানালার পাশে বসে লিখছিল, “আমি যদি শিক্ষক হতাম, বৃষ্টি থামলে সবাইকে মাঠে নিয়ে যেতাম। আমরা মাটির গন্ধ নিতাম, তারপর পড়তাম।” সে জানে না, তার এই ছোট্ট স্বপ্নের মধ্যেই লুকিয়ে আছে রবীন্দ্রনাথের শিক্ষাদর্শনের সবচেয়ে গভীর সত্য। শেখা মানে জীবনের সঙ্গে যুক্ত হওয়া। হয়তো বাংলাদেশের সব স্কুল কখনো শান্তিনিকেতন হয়ে উঠবে না। জনসংখ্যার চাপ, প্রযুক্তির বিস্তার, অর্থনৈতিক প্রতিযোগিতা— বাস্তবতা অনেক বদলে গেছে। কিন্তু মানুষের ভেতরের কৌতূহল, সৃজনশীলতা আর স্বাধীনতার আকাঙ্ক্ষা বদলায়নি। তাই রবীন্দ্রনাথও পুরোনো হয়ে যাননি।

তিনি আজও আমাদের মনে করিয়ে দেন, শিক্ষা কেবল পেশা তৈরি করে না; শিক্ষা সভ্যতা তৈরি করে। যেদিন বাংলাদেশের প্রতিটি শিশু স্কুলে গিয়ে ভয় নয়, আনন্দ অনুভব করবে; যেদিন পরীক্ষার ফলের চেয়ে শেখার আনন্দ বড় হয়ে উঠবে; যেদিন শিল্প, বিজ্ঞান, প্রকৃতি ও মানবিকতা একই পাঠশালায় হাত ধরাধরি করে দাঁড়াবে, সেদিনই হয়তো সত্যিকার অর্থে রবীন্দ্রনাথ ফিরে আসবেন বাংলাদেশের শ্রেণিকক্ষে।
এই দীর্ঘ পথচলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের শিক্ষাকে নতুন করে কল্পনা করার সাহস। আমরা কি এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে শিশুর সাফল্য শুধু পরীক্ষার ফল দিয়ে মাপা হবে? নাকি এমন একটি সমাজ, যেখানে একটি শিশু গান গাইতে পারে, প্রশ্ন করতে পারে, গাছ চিনতে পারে, অন্যের কষ্ট বুঝতে পারে এবং নিজের স্বপ্নকে ভয় ছাড়া প্রকাশ করতে পারে? রবীন্দ্রনাথের শিক্ষাদর্শন মূলত এই দ্বিতীয় পথের আহ্বান।
সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তি বদলেছে, রাষ্ট্র বদলেছে, অর্থনীতির ধরন বদলেছে। কিন্তু শিক্ষার মৌলিক প্রশ্ন বদলায়নি: মানুষ কেমন হবে? রবীন্দ্রনাথ সেই প্রশ্নের উত্তর খুঁজেছিলেন মানবিকতার ভেতরে। তাঁর কাছে শিক্ষা ছিল মুক্তির অনুশীলন, আত্মমর্যাদার চর্চা এবং সমাজকে আরও সুন্দর করে তোলার উপায়। তাই তাঁর দর্শনকে কেবল অতীতের স্মৃতি বা সাহিত্যিক আবেগ হিসেবে দেখলে ভুল হবে। বরং বর্তমান বাংলাদেশের শিক্ষা সংকট, মানসিক অবসাদ, সামাজিক বৈষম্য এবং মূল্যবোধের টানাপোড়েনের মধ্যে তাঁর চিন্তা নতুন আলো ফেলতে পারে।
বাংলাদেশের বর্তমান শিক্ষাব্যবস্থার সবচেয়ে বড় সংকটগুলোর একটি হলো, এখানে শিক্ষা ক্রমশ “জীবন” থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। রবীন্দ্রনাথ সতর্ক করেছিলেন, শিক্ষা যদি কেবল পরীক্ষার খাতায় নম্বর তোলার উপায় হয়ে দাঁড়ায়, তবে মানুষের মন শুকিয়ে যায়। তাঁর ভাষায়, জ্ঞান তখন আর জীবন্ত থাকে না; তা হয়ে ওঠে “দ্বিতীয় হাতের তথ্যের বোঝা”। আজকের বাংলাদেশেও সেই চিত্র স্পষ্ট। শিশুরা বই মুখস্থ করছে, পরীক্ষায় ভালো ফল করছে, কিন্তু প্রকৃতি, সমাজ, সংস্কৃতি কিংবা মানুষের সঙ্গে তাদের জীবন্ত সম্পর্ক গড়ে উঠছে না। বিদ্যালয় যেন জ্ঞানের উন্মুক্ত ক্ষেত্র নয়, বরং সনদ উৎপাদনের কারখানা।
রবীন্দ্রনাথ শিক্ষা সম্পর্কে একটি গভীর সত্য উচ্চারণ করেছিলেন: “মন যখন সত্য ও স্বাধীনতার স্বাভাবিক খাদ্য থেকে বঞ্চিত হয়, তখন তার মধ্যে কেবল সাফল্যের ক্ষুধা জন্ম নেয়।” বাংলাদেশের বর্তমান শিক্ষাব্যবস্থায় এই “সাফল্যের ক্ষুধা” ভয়াবহভাবে দৃশ্যমান। অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী—সকলেই যেন একটি প্রতিযোগিতার মধ্যে আটকে গেছে। শিক্ষা এখানে আনন্দের নয়, উদ্বেগের বিষয়। শিশুর হাতে গল্পের বইয়ের বদলে গাইডবই, মাঠের বদলে কোচিং সেন্টার, কৌতূহলের বদলে মডেল টেস্ট। ফলে শিক্ষার ভেতরের প্রাণশক্তি হারিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেছিলেন, আমাদের শিক্ষা “চোখের দৃষ্টির বিনিময়ে চশমা কিনেছে।” এই উপমা আজও বিস্ময়করভাবে সত্য। বাংলাদেশের বহু শিক্ষার্থী বিদেশি ভাষা, তথ্য ও প্রযুক্তি শিখছে, কিন্তু নিজের সমাজকে বোঝার ক্ষমতা হারাচ্ছে। তারা আন্তর্জাতিক উদাহরণ মুখস্থ করছে, অথচ গ্রামের কৃষক, নদীভাঙন, শ্রমজীবী মানুষ কিংবা স্থানীয় ইতিহাস সম্পর্কে তাদের জ্ঞান খুব সীমিত। শিক্ষা যেন বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন এক কৃত্রিম জগৎ তৈরি করেছে।
রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন, শিক্ষা কেবল তথ্য সঞ্চয়ের বিষয় নয়; এটি মানুষের আত্মপ্রকাশের পথ। তাই তিনি শিল্প, সংগীত, সাহিত্য ও প্রকৃতিকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখেছিলেন। কিন্তু বাংলাদেশের বর্তমান বাস্তবতায় শিল্প-সংস্কৃতি প্রায়ই “অতিরিক্ত” বিষয় হিসেবে বিবেচিত হয়। অনেক বিদ্যালয়ে সংগীত বা চারুকলার শিক্ষক নেই, খেলার মাঠ নেই, লাইব্রেরি নেই। ফলে শিশুর সৃজনশীলতা বিকশিত হওয়ার আগেই সংকুচিত হয়ে পড়ে। রবীন্দ্রনাথের ভাষায়, তখন শিক্ষা “রঙহীন ও প্রাণহীন” হয়ে ওঠে।
তিনি যে শিক্ষার স্বপ্ন দেখেছিলেন, সেখানে বিদ্যালয় ছিল “খোলা ঘর”। শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক ছিল জীবন্ত, প্রশ্নমুখর ও মানবিক। কিন্তু বাংলাদেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো সম্পর্কটি একমুখী। শিক্ষক বলবেন, শিক্ষার্থী শুনবে। প্রশ্ন করার সংস্কৃতি দুর্বল। ফলে শিক্ষার্থীরা জ্ঞানকে নিজের অভিজ্ঞতার অংশ করতে পারে না। রবীন্দ্রনাথ মনে করতেন, সত্যিকারের শিক্ষক সেই, যিনি নিজেও শিখতে থাকেন। কারণ “একটি প্রদীপ অন্য প্রদীপকে জ্বালাতে পারে না, যদি তার নিজের শিখা নিভে যায়।”
মাতৃভাষা নিয়েও রবীন্দ্রনাথ গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাঁর মতে, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়; ভাষা মানুষের অনুভব, সংস্কৃতি ও চিন্তার আশ্রয়। বিদেশি ভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে গিয়ে যদি শিশুর নিজের ভাষার সঙ্গে সম্পর্ক দুর্বল হয়ে যায়, তবে তার ভাবনার স্বাধীনতাও সংকুচিত হয়। বাংলাদেশের বাস্তবতায় এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা অস্বীকার না করেও রবীন্দ্রনাথ মনে করিয়ে দেন, নিজের ভাষার ভিত দুর্বল হলে শিক্ষা কখনো গভীরে পৌঁছায় না।
রবীন্দ্রনাথের আরেকটি বড় উদ্বেগ ছিল “যন্ত্রের সভ্যতা” নিয়ে। তিনি দেখেছিলেন, আধুনিক সভ্যতা মানুষকে ধীরে ধীরে যন্ত্রে পরিণত করছে। আজকের বাংলাদেশেও শিক্ষার্থীরা অনেক সময় এমন এক যান্ত্রিক জীবনে অভ্যস্ত হয়ে উঠছে, যেখানে সময়সূচি, কোচিং, রুটিন আর পরীক্ষাই সবকিছু নিয়ন্ত্রণ করছে। অবসর নেই, নীরবতা নেই, আত্মজিজ্ঞাসা নেই। অথচ রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন, মানুষকে শুধু কর্মদক্ষ নয়, মানবিক ও স্বাধীন সত্তা হিসেবেও গড়ে তুলতে হবে।
তিনি শিক্ষা ও প্রকৃতির সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। শান্তিনিকেতনের বিদ্যালয় গড়ে উঠেছিল খোলা আকাশের নিচে, গাছের ছায়ায়। কারণ তিনি জানতেন, প্রকৃতি মানুষের মনকে প্রসারিত করে। বাংলাদেশের শহুরে শিক্ষাব্যবস্থায় শিশুরা ক্রমশ প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। কংক্রিটের দেয়ালের ভেতরে বড় হতে হতে তারা ঋতুর পরিবর্তন, পাখির ডাক কিংবা মাটির গন্ধ থেকেও দূরে সরে যাচ্ছে। এই বিচ্ছিন্নতা কেবল পরিবেশগত নয়; এটি মানসিক ও সাংস্কৃতিক বিচ্ছিন্নতাও।
রবীন্দ্রনাথ লিখেছিলেন, শিক্ষা যদি মানুষের ভেতরের স্বাধীনতাকে জাগিয়ে তুলতে না পারে, তবে রাজনৈতিক স্বাধীনতাও অর্থহীন হয়ে পড়ে। তাঁর এই ভাবনা আজও গভীরভাবে প্রাসঙ্গিক। কারণ শিক্ষা কেবল চাকরির প্রস্তুতি নয়; এটি নাগরিক চেতনা, নৈতিকতা ও মানবিক সাহস গড়ে তোলার প্রক্রিয়া। কিন্তু যখন শিক্ষা কেবল প্রতিযোগিতা ও ব্যক্তিগত সাফল্যের দিকে ঝুঁকে পড়ে, তখন সমাজে সহমর্মিতা, দায়িত্ববোধ ও সামাজিক সংযোগ দুর্বল হয়ে যায়।
সবশেষে, রবীন্দ্রনাথের শিক্ষা-ভাবনার কেন্দ্রবিন্দু ছিল “পূর্ণ মানুষ” গড়ে তোলা। তিনি এমন এক শিক্ষার স্বপ্ন দেখেছিলেন, যেখানে জ্ঞান থাকবে, কিন্তু সেই জ্ঞানের সঙ্গে থাকবে কল্পনা; দক্ষতা থাকবে, কিন্তু তার সঙ্গে থাকবে মানবিকতা; বিজ্ঞান থাকবে, কিন্তু তার পাশে থাকবে সাহিত্য ও শিল্পের আলো। বাংলাদেশের বর্তমান শিক্ষাব্যবস্থার সংকট ও সম্ভাবনা নিয়ে ভাবতে গেলে তাই রবীন্দ্রনাথ এখনো এক অনিবার্য আলোকবর্তিকা। তাঁর শিক্ষা-দর্শন আমাদের মনে করিয়ে দেয়, শিক্ষা যদি মানুষকে মানুষ করে না তোলে, তবে সেই শিক্ষা যত আধুনিকই হোক, তা অসম্পূর্ণ।
আর সেদিনই রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন বইয়ের পাতা থেকে নেমে এসে বেঁচে উঠবে আমাদের শ্রেণিকক্ষে, মাঠে, গ্রামে, শহরে এবং শিশুর হাসিতে। তিনি তার “শিক্ষার বাহন” প্রবন্ধে আমাদের রাষ্ট্রীয় দায়িত্বের কথাও মনে করিয়ে দেয়। রবীন্দ্রনাথ শিক্ষাকে দুর্মূল্য ও দুর্লভ করে রাখার বিরুদ্ধে ছিলেন। তিনি জানতেন, যে দেশে শিক্ষার অধিকাংশ জমি পতিত পড়ে থাকে, সে দেশে ছাত্রসংখ্যা বাড়া উচিত, কমা নয়। আজও তাই শিক্ষাকে বাজারের পণ্য নয়, জনজীবনের অধিকার হিসেবে দেখতে হবে। শিক্ষা যদি সত্যিই জাতির জাগরণ হয়, তবে তার আলো কেবল কিছু শিশুর টেবিল ল্যাম্পে নয়, দেশের প্রতিটি ঘর, মাঠ, চর, পাহাড় ও উপকূলে পৌঁছাতে হবে।
আজ প্রয়োজন এমন শিক্ষা, যা শিশুকে শুধু প্রতিযোগী করে তুলবে না; তাকে সহানুভূতিশীল মানুষ হিসেবেও গড়ে তুলবে। প্রয়োজন এমন পাঠশালা, যেখানে নম্বরের পাশাপাশি কল্পনাশক্তিরও মূল্য থাকবে। প্রয়োজন এমন শিক্ষক, যিনি ভয় নয়, অনুপ্রেরণা দেবেন। এবং প্রয়োজন এমন রাষ্ট্রীয় অঙ্গীকার, যেখানে শিক্ষা কেবল উন্নয়ন সূচকের সংখ্যা নয়, জাতির আত্মার প্রশ্ন হিসেবে বিবেচিত হবে।
রবীন্দ্রনাথ একসময় লিখেছিলেন, ‘মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ।’ বাংলাদেশের শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ নিয়েও সেই বিশ্বাস হারানো যায় না। কারণ এখনো এই দেশের প্রত্যন্ত গ্রামের কোনো স্কুলে একজন শিক্ষক শিশুদের নিয়ে গাছের নিচে বসে গল্প বলেন, এখনো কোনো শিশু বৃষ্টিভেজা জানালার পাশে দাঁড়িয়ে পৃথিবীকে নতুনভাবে দেখতে শেখে। সেই মুহূর্তগুলোই আমাদের আশা জাগায়।
আর সেদিনই রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন বইয়ের পাতা থেকে নেমে এসে বেঁচে উঠবে আমাদের শ্রেণিকক্ষে, মাঠে, গ্রামে, শহরে এবং শিশুর হাসিতে।
–অধ্যাপক ড. মাহবুব লিটু, উপদেষ্টা সম্পাদক, অধিকারপত্র (odhikarpatranews@gmail.com)
#রবীন্দ্রনাথের ১৬৩তম জন্মবার্ষিকী #রবীন্দ্রনাথ #শিক্ষাসংস্কার #বাংলাদেশেরশিক্ষা #রবীন্দ্রদর্শন #শান্তিনিকেতন #স্মার্টবাংলাদেশ #শিক্ষাব্যবস্থা #মানবিকশিক্ষা #সৃজনশীলশিক্ষা #শিশুশিক্ষা #বাংলাফিচার #রবীন্দ্রজয়ন্তী #শিক্ষানীতি #প্রকৃতিশিক্ষা #সমতাভিত্তিকশিক্ষা
🔔 Like • Share • Comment • Subscribe our You Tube Channel for more educational musical storytelling and reform-based creative content @OdhikarPatra_Song