05/13/2026 রাষ্ট্রপতির হৃদযন্ত্রে ব্লক শনাক্ত, বসানো হয়েছে স্টেন্ট
odhikarpatra
১২ May ২০২৬ ২৩:৪৯
বিশেষ প্রতিনিধ,
ঢাকা: মো. সাহাবুদ্দিন-এর হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হওয়ার পর সফলভাবে এনজিওপ্লাস্টি করে স্টেন্ট (রিং) বসানো হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক বলে জানিয়েছে বঙ্গভবনের প্রেস উইং।
মঙ্গলবার (১২ মে) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে যুক্তরাজ্যে অবস্থানকালে রাষ্ট্রপতির হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ে। পরে জরুরি ভিত্তিতে চিকিৎসকরা এনজিওপ্লাস্টির সিদ্ধান্ত নেন।
রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হকের বরাতে জানানো হয়, মঙ্গলবার দুপুরে Royal Papworth Hospital-এ ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলির তত্ত্বাবধানে রাষ্ট্রপতির এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় হৃদযন্ত্রের একটি ধমনীতে উল্লেখযোগ্য ব্লক ধরা পড়লে তাৎক্ষণিকভাবে সেখানে স্টেন্ট স্থাপন করা হয়।
বর্তমানে রাষ্ট্রপতি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দ্রুত সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে National University Hospital-এ রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। পরে হৃদরোগজনিত ফলো-আপ চিকিৎসার জন্য তিনি নিয়মিত ক্যামব্রিজের রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ৯ মে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। চিকিৎসা শেষে আগামী ১৮ মে দেশে ফেরার কথা রয়েছে।