05/22/2026 মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০.৭৩ শতাংশ
odhikarpatra
২১ May ২০২৬ ২৩:৫৯
প্রকাশনা: শুক্রবার | ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রতিবেদন: নিজস্ব প্রতিবেদক
মুল প্রতিবেদন
চলতি প্রতিবেদ: ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠিত সাতটি মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ৭০ দশমিক ৭৩ শতাংশ।
বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ৮ম বৈঠকে এ সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয় বলে জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রতিবেদনে বলা হয়, ১৭ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকগুলোতে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে এ অগ্রগতি অর্জিত হয়েছে।
বৈঠকে জাপানের সঙ্গে প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদিত হয়। একই সঙ্গে আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স (আইবিসিএ)-এ বাংলাদেশ যোগদানের সিদ্ধান্তও গ্রহণ করা হয়।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী আইবিসিএ-তে যুক্ত হয়ে বাংলাদেশ বাঘসহ বড় বিড়াল প্রজাতির সংরক্ষণ, আবাসস্থল সুরক্ষা এবং অবৈধ শিকার ও বাণিজ্য প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করবে।
এছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তাবে গ্লোবাল কমপ্যাক্ট ফর সেইফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন (জিসিএম)-এর আওতায় ২০২৬–২০৩০ মেয়াদের জাতীয় কর্মপরিকল্পনা (জিসিএম-ন্যাপ) অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।