05/23/2026 সফল রাষ্ট্রনায়ক হয়ে ওঠার অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া : স্পিকার
odhikarpatra
২২ May ২০২৬ ২৩:৫৭
প্রকাশের সময়: ২২ মে ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা, ২২ মে : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের গণতন্ত্রকে সুসংহত করতে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় ছিলেন অত্যন্ত নিবেদিতপ্রাণ।
তিনি বলেন, একজন সফল রাষ্ট্রনায়ক হয়ে ওঠার অনন্য ও কালজয়ী দৃষ্টান্ত হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া।
শুক্রবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে ‘ছবির গল্প’ কর্তৃক প্রকাশিত ‘দেশনেত্রী’ শীর্ষক বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক অনুপ্রেরণা। বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব বিকাশে তিনি ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তার মৃত্যুতে কোটি মানুষের অশ্রুবিসর্জন প্রমাণ করে তিনি জনমানুষের নেত্রী ছিলেন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশের জন্ম হতো কি না, তা নিয়ে সংশয় থেকে যায়। তার নেতৃত্বে জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বিজয় অর্জন করে বলেও মন্তব্য করেন স্পিকার।
অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি বলেন, বাংলাদেশে গণতন্ত্রের স্থায়ী রূপ দিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছিলেন বেগম খালেদা জিয়া।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, দুঃসময়ে বেগম খালেদা জিয়া বিএনপিকে ধরে রেখেছেন এবং নতুন বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর হাতকে শক্তিশালী করতে হবে।
অনুষ্ঠানে স্পিকার ‘দেশনেত্রী’ শীর্ষক বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন করেন এবং ‘ছবির গল্প’-এর আলোকচিত্রী খালেদ হোসেন পরাগ ও সংশ্লিষ্ট টিমের সদস্যদের ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আহমেদ মোস্তফা নোমান এবং সমন্বয়ক হিসেবে বক্তব্য দেন সাদমান সাকিব।
মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।
অনুষ্ঠানে ‘বাংলাদেশের প্রাণ তারেক রহমান’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।