05/24/2026 সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন উপদেষ্টা আসিফ: প্রতিমন্ত্রী শাহে আলম
odhikarpatra
২৩ May ২০২৬ ১৯:২৫
প্রকাশিত: ২৩ মে ২০২৬, রাত অধিকার পত্র ডটকম বিশেষ প্রতিনিধি,
অধিকার পত্র ডেস্ক: স্থানীয় সরকার বিভাগে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (২৩ মে) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন দফতর ও সংস্থায় সংঘটিত অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে আহ্বায়ক করে ৭ সদস্যের এ কমিটি গঠন করা হয়।
প্রতিমন্ত্রী জানান, আওয়ামী লীগ সরকারের সময়ের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময়কার অভিযোগও তদন্তের আওতায় আনা হয়েছে। কমিটিকে ৬০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ব্রিফিংয়ে তিনি অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্পে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল অনুমোদন করেছেন।
এছাড়া পিরোজপুরে একটি উন্নয়ন প্রকল্পে টেন্ডার হওয়ার পর কোনো কাজ না করেই প্রায় ৬ হাজার কোটি টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে বলেও জানান তিনি। এ কারণে গত দুই বছর ধরে জেলার উন্নয়ন প্রকল্পগুলো বন্ধ রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দ্রুত সরেজমিন পরিদর্শনের মাধ্যমে প্রকল্পগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, শুধু পিরোজপুর নয়, দেশের বিভিন্ন জেলায় রাস্তা ও সেতু নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব বিষয়ও তদন্তের আওতায় আনা হবে।
#বাংলাদেশ #স্থানীয়_সরকার #শাহেআলম #আসিফমাহমুদ #দুর্নীতি #তদন্ত_কমিটি #পিরোজপুর