05/30/2026 অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের
odhikarpatra
২৯ May ২০২৬ ১৮:৩১
প্রকাশিত: ২৯ মে ২০২৬, ০৬:১০ পিএম
অধিকার পত্র ডেস্ক:
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের অধিকার রক্ষা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাব আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি অনুষ্ঠিত হয় মির্জা রুহুল আমিন মিলনায়তন-এ।
তিনি বলেন, সাংবাদিকতা অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং পেশা। এমন কোনো জায়গা নেই যেখানে সাংবাদিকরা নির্যাতনের শিকার হননি। সাগর-রুনি হত্যা মামলার রহস্য আজও উদঘাটিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
সাংবাদিকতাকে কখনও ছোট করে দেখার সুযোগ নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে সাংবাদিকদের বিশাল ভূমিকা রয়েছে। তবে দায়িত্বহীন সাংবাদিকতা দেশ ও জাতির জন্য ক্ষতিকর হতে পারে।
সংবাদ প্রকাশের আগে অভিযুক্ত বা বিপরীত পক্ষের বক্তব্য নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য প্রচুর পড়াশোনারও প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্যের অভাব থাকায় অনেকেই ওয়েজবোর্ড অনুযায়ী ন্যায্য বেতন পান না। বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
জুলাই অভ্যুত্থানের পর দেশে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সেই সুযোগ কাজে লাগিয়ে দেশ ও মানুষের পক্ষে কাজ করতে হবে।
সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ এবং ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।