05/30/2026 জাতীয় চিড়িয়াখানায় ঠাঁই পেল আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প
odhikarpatra
২৯ May ২০২৬ ২১:৩৬
অধিকার পত্র জাতীয় ডেস্ক:
রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় স্থান পেয়েছে আলোচিত অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। কোরবানির পশুর হাটে অদ্ভুত চেহারা, গোলাপি বর্ণ এবং মাথার সোনালি চুলের কারণে ব্যাপক আলোচনায় আসা এই বিরল মহিষটি শেষ পর্যন্ত কোরবানি না হয়ে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
মহিষটির মুখমণ্ডল ও চুলের গঠনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump-এর কিছুটা মিল থাকায় এর মালিক আদর করে নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। নারায়ণগঞ্জের একটি পশুর হাটে প্রদর্শনের পর প্রাণীটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ওঠে।
বিরল অ্যালবিনো বৈশিষ্ট্যের কারণে বিষয়টি সরকারের নজরে আসে। পরে কোরবানির পরিকল্পনা স্থগিত করে প্রাণিসম্পদ কর্তৃপক্ষ মহিষটিকে সংরক্ষণের সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসেবে প্রাণীটিকে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে।
চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, সেড নম্বর-৭ এ গয়াল, মায়া হরিণ ও চিতাবাঘের পাশের নির্ধারিত অংশে রাখা হয়েছে মহিষটিকে। আসন্ন ঈদুল আজহা থেকেই দর্শনার্থীরা এটি দেখতে পারবেন।
প্রায় ৭০০ কেজি ওজনের এই অ্যালবিনো মহিষটি দেখতে শান্ত স্বভাবের মনে হলেও কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাণীটি পুরোপুরি নিরীহ নয়। তাই দর্শনার্থীদের নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রাণীটি দেখার পরামর্শ দেওয়া হয়েছে।
মালিকপক্ষ জানিয়েছে, প্রাণীটি কোরবানি না হয়ে সংরক্ষণের আওতায় আসায় তারা স্বস্তি অনুভব করছেন। দীর্ঘদিন লালন-পালন করা মহিষটির সঙ্গে বিচ্ছেদ কষ্টের হলেও এটি দেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে— এমন প্রত্যাশা তাদের।
জানা গেছে, প্রায় এক বছর আগে রাজশাহীর একটি পশুর হাট থেকে বিরল গোলাপি রঙের অ্যালবিনো মহিষটি সংগ্রহ করেন নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধা। পরে তার পরিবারের সদস্যরা প্রাণীটির চুল ও চোখের গঠনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সাদৃশ্য খুঁজে পেয়ে এর নামকরণ করেন।
পরবর্তীতে মহিষটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে ব্যাপক আলোচনা শুরু হয়। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও প্রাণীটিকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।
ভাইরাল হওয়ার পর দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ মহিষটি দেখতে খামারে ভিড় করেন। সম্প্রতি নতুন ঠিকানায় নেওয়ার সময়ও বিশেষ আয়োজনের মাধ্যমে প্রাণীটিকে বিদায় ও বরণ করে নেওয়া হয়।