05/31/2026 জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ১৬ স্থানে দুঃস্থদের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ প্রধানমন্ত্রীর রাজধানীর দুই সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
odhikarpatra
৩০ May ২০২৬ ১৫:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ মে ২০২৬, শনিবার
শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের টি অ্যান্ড টি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, শ্যামলী স্কয়ার, সরকারি বাংলা কলেজ এলাকা, পল্লবী মেট্রো স্টেশন, ইসিবি চত্বর, কুড়িল বিশ্বরোড, ফুজি ট্রেড সেন্টার, জোড়পুকুর খেলার মাঠ, বাংলাবাজার, যাত্রাবাড়ী, জুরাইন ও ধানমন্ডিসহ বিভিন্ন স্থানে অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিকেলে ধানমন্ডি এলাকায় দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ শেষে প্রধানমন্ত্রী তার বাসভবনের উদ্দেশে রওনা হন।
এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দল ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত পৃথক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করেন।
শাহাদাতবার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
সন্ধ্যায় রাজধানীর গুলশান এভিনিউয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে তার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের পাশাপাশি নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সদস্যরাও উপস্থিত ছিলেন।
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ১৬ স্থানে দুঃস্থদের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ প্রধানমন্ত্রীর
#জিয়াউর_রহমান #শাহাদাতবার্ষিকী #তারেক_রহমান #বিএনপি #দুঃস্থদের_সহায়তা #খাদ্য_বিতরণ #বস্ত্র_বিতরণ