05/31/2026 জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, অংশ নিলেন দোয়া মাহফিলে
odhikarpatra
৩০ May ২০২৬ ১৬:১৪
অধিকার পত্র ডটকমের
প্রকাশ: ৩০ মে ২০২৬,
বিশেষ প্রতিনিধি,
ঢাকা: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৩০ মে) বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং মহিলা ও শিশু ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা কিছুক্ষণ নীরবতা পালন করে দলের প্রতিষ্ঠাতার প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে তিনি মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন।
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করছে। দিবসটি উপলক্ষে ভোরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, গুলশানে চেয়ারম্যানের কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। একই সঙ্গে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, ড্যাব, অ্যাব, ওলামা দল ও ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বিএনপি সূত্র জানায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে গত ২৫ মে থেকে আট দিনের কর্মসূচি পালন করছে দলটি। এর অংশ হিসেবে আগামীকাল রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এদিকে, শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের টিঅ্যান্ডটি ভবনের সামনে থেকে দুস্থদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মোট ১৭টি স্থানে এ কর্মসূচি পরিচালিত হবে।
উল্লেখ্য, রাষ্ট্রপতি থাকাকালে ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনাসদস্যের গুলিতে নিহত হন জিয়াউর রহমান। বিএনপি দিনটিকে ‘শাহাদাত দিবস’ হিসেবে পালন করে।