06/08/2026 ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত, আতঙ্কে ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন মানুষ
odhikarpatra
৮ June ২০২৬ ০০:৫৭
অধিকার পত্র ডটকম নিজস্ব প্রতিবেদক :
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার দিবাগত রাতে আকস্মিক এই ভূকম্পনে অনেক মানুষ আতঙ্কিত হয়ে বাসা ও ভবন থেকে বেরিয়ে খোলা স্থানে অবস্থান নেন। প্রাথমিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পটি রাজধানী ঢাকা ছাড়াও দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভুটানের পশ্চিমাঞ্চলের পুনাখা এলাকার কাছে। এর মাত্রা ছিল ৫ দশমিক ৬ এবং কেন্দ্রের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।
ভূমিকম্পের কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী হলেও রাজধানীসহ বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই ভূকম্পন অনুভব করার কথা জানান।
বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় এ ধরনের কম্পনের সময় আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং দুর্যোগ ব্যবস্থাপনার নির্দেশনা অনুসরণ করা জরুরি।