06/12/2026 পেন্টাগনে ‘বিপজ্জনক পদার্থ’ আতঙ্ক, একাধিক ফ্লোরে লকডাউন
odhikarpatra
১১ June ২০২৬ ২৩:৪২
অধিকার পত্র ডটকম প্রকাশিত: ১১ জুন ২০২৬
আন্তর্জাতিক প্রতিনিধি :
ওয়াশিংটন, ১১ জুন : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের ভেতরে ‘বিপজ্জনক পদার্থসংক্রান্ত’ একটি ঘটনার পর একাধিক ফ্লোর ও করিডোরে লকডাউন জারি করা হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে ভবনের নির্দিষ্ট অংশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পেন্টাগনের মুখপাত্র শন পারনেল জানিয়েছেন, ভবনের অভ্যন্তরীণ পর্যবেক্ষণ ব্যবস্থায় বায়ুর গুণগত মানসংক্রান্ত একটি সমস্যা শনাক্ত হয়েছে। সমস্যার প্রকৃত কারণ উদঘাটন না হওয়া পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।
তিনি বলেন, যেসব এলাকায় অস্বাভাবিকতা ধরা পড়েছে সেখানে ‘শেল্টার-ইন-প্লেস’ নির্দেশনা অনুসরণ করা হচ্ছে এবং প্রচলিত সব নিরাপত্তা প্রটোকল কার্যকর রয়েছে। ভবনের ভেতরে অবস্থানকারীদের সহায়তায় একাধিক বিশেষায়িত দল প্রস্তুত রাখা হয়েছে।
পেন্টাগন ফোর্স প্রোটেকশন এজেন্সির মুখপাত্র ক্যাপ্টেন জেমি জিল জানান, ঘটনাস্থলে হ্যাজার্ডাস ম্যাটেরিয়ালস রেসপন্স টিম কাজ করছে। তাদের সঙ্গে সমন্বয় করছে আর্লিংটন কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট।
স্থানীয় ফায়ার সার্ভিসও জানিয়েছে, পেন্টাগনে সম্ভাব্য বিপজ্জনক পদার্থসংক্রান্ত একটি ঘটনা তদন্ত করা হচ্ছে। পরিস্থিতি মূল্যায়নে বিশেষজ্ঞ দল নমুনা সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।
নিরাপত্তা বার্তায় পেন্টাগন কর্তৃপক্ষ জানিয়েছে, বায়ুর গুণগত মানে যে সমস্যার ইঙ্গিত পাওয়া গেছে তা যাচাই করতে এক থেকে দুই ঘণ্টা সময় লাগতে পারে। এ সময় ভবনের বিভিন্ন অংশে জরুরি কার্যক্রম পরিচালিত হবে। এসব কার্যক্রম নিয়ে অযথা বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানানো হয়েছে।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পেন্টাগনের চার থেকে সাত নম্বর করিডোরের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত লকডাউন করা হয়েছে। এছাড়া দায়িত্ব পালনরত কিছু পুলিশ সদস্যকে গ্যাস মাস্ক ও পূর্ণাঙ্গ রাসায়নিক সুরক্ষা পোশাক পরিহিত অবস্থায় দেখা গেছে।
তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বিষাক্ত পদার্থের কারণে ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করা হয়নি। তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
#পেন্টাগন #যুক্তরাষ্ট্র #লকডাউন #বিপজ্জনক_পদার্থ #ওয়াশিংটন #নিরাপত্তা #আন্তর্জাতিক
: