06/22/2026 মস্কোতে একরাতে ৬০ ড্রোন হামলা, সাময়িকভাবে বন্ধ চার বিমানবন্দর
odhikarpatra
২২ June ২০২৬ ১৪:৪৩
অধিকার পত্র ডটকম অধিকারপত্র ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২২ জুন ২০২৬
রাশিয়ার রাজধানী মস্কোতে বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে একরাতে অন্তত ৬০টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলার পর নিরাপত্তাজনিত কারণে রাজধানীর চারটি প্রধান বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয় বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২১ জুন) রাতভর ইউক্রেনীয় বাহিনী বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে হামলার চেষ্টা চালায়। তবে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন দাবি করেছেন, রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
সোমবার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইউক্রেন থেকে আসা সব ড্রোন ধ্বংস করা হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে এবং সেগুলো অপসারণের কাজ চলছে।
নিরাপত্তা ঝুঁকির কারণে শেরেমেতিয়েভো, দোমোদেদোভো, ভনুকোভো ও ঝুকোভস্কি বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পাশাপাশি মস্কোর আকাশসীমাতেও বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করা হয়। কয়েক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে বিমানবন্দরগুলোর কার্যক্রম পুনরায় চালু করা হয়।
সাম্প্রতিক সময়ে রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলার মাত্রা বাড়িয়েছে ইউক্রেন। বিশেষ করে মস্কোর সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। গত সপ্তাহেও রাজধানীর একটি তেল শোধনাগার লক্ষ্য করে দুই শতাধিক ড্রোন নিক্ষেপের ঘটনা ঘটেছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেবারও রুশ কর্তৃপক্ষ দাবি করেছিল, অধিকাংশ ড্রোন লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে।