06/22/2026 নাশকতার আশঙ্কায় ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত
odhikarpatra
২২ June ২০২৬ ১৬:৫৫
প্রকাশ: ২২ জুন ২০২৬ অধিকারপত্র ডটকম
নিজস্ব প্রতিবেদক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশের ছয়টি জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার থেকে শুরু হয়ে আগামী ৩০ জুন পর্যন্ত এই মোতায়েন কার্যকর থাকবে।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে। সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও ফরিদপুর জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হবে।
সোমবার সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “আজ থেকেই সেনা মোতায়েন হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, তবে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমাদের সবসময় সতর্ক থাকতে হয়।”
তিনি দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু তৎপরতা বিভিন্ন জেলায় লক্ষ্য করা যাচ্ছে। কিছু স্থানে মিছিল-সমাবেশের প্রস্তুতির তথ্য পাওয়ার পর সম্ভাব্য অস্থিরতা সৃষ্টির আশঙ্কা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন অনুযায়ী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ হিসেবে সেনাসদস্যদের মোতায়েন করা হচ্ছে। এর আওতায় ঢাকা ও চট্টগ্রাম মহানগর, গাজীপুর ও নারায়ণগঞ্জ মহানগর এলাকা ছাড়াও গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় সেনা সদস্যরা দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর প্রায় দুই বছর ধরে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন ছিল। পরবর্তীতে গত ১৫ জুন দেশব্যাপী সেই মোতায়েন প্রত্যাহার করা হয়। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় পুনরায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।