06/22/2026 গোপালগঞ্জে প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
odhikarpatra
২২ June ২০২৬ ১৯:১১
প্রকাশ: ২২ জুন ২০২৬,গোপালগঞ্জ
নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ, ২২ জুন: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে ঋণের চাপ নিয়ে মানসিক দুশ্চিন্তায় ছিলেন।
মৃত বিদ্যুৎ কান্তি রায় (৫৮) টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি উপজেলার পাটগাতী ইউনিয়নের দারিয়ারকুল গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২১ জুন) ভোরে বাড়ির বাইরে একটি গাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোসলেম আলী জানান, পরিবার ও স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, বিদ্যুৎ কান্তি রায় দীর্ঘদিন ধরে ঋণের চাপ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
একজন প্রধান শিক্ষকের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।