07/05/2026 সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
odhikarpatra
৪ July ২০২৬ ১৪:৫৯
নিজস্ব প্রতিবেদক | অধিকারপত্র ডটকম
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান বিশ্ব গভীর ও জটিল সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। এ পরিস্থিতিতে কোনো একক আদর্শ, দর্শন বা চিন্তার আধিপত্য মানবসভ্যতার স্থায়ী সমাধান হতে পারে না। বরং বৈচিত্র্যের প্রতি সম্মান, ভিন্নমতের অবাধ আদান-প্রদান এবং মুক্ত বুদ্ধিচর্চার মাধ্যমেই শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা সম্ভব।
শনিবার (৪ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে আন্তর্জাতিক গবেষণা ও সংলাপভিত্তিক প্ল্যাটফর্ম ‘আল-উম্মাহ জার্নাল ও ওয়েবসাইট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান ডিজিটাল যুগে বিভ্রান্তি, বিভাজন এবং তথ্যের অতিবাহুল্যের মধ্যে জ্ঞান, নৈতিকতা ও দায়িত্বশীলতার ভিত্তিতে পরিচালিত বুদ্ধিবৃত্তিক উদ্যোগের গুরুত্ব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। তিনি আশা প্রকাশ করেন, আল-উম্মাহ জার্নাল ও ওয়েবসাইট গবেষণা, সংলাপ এবং জ্ঞানভিত্তিক আলোচনার একটি নির্ভরযোগ্য আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে।
জহির উদ্দিন স্বপন বলেন, ভাষা, জাতিসত্তা, ধর্ম, সংস্কৃতি ও ভৌগোলিক বৈচিত্র্য প্রকৃতির স্বাভাবিক নিয়ম। কোনো একক পরিচয় বা গোষ্ঠী বিশ্বকে শাসন করতে পারে না। মানবকল্যাণে সব মতাদর্শের গবেষক ও চিন্তাবিদদের সম্মিলিতভাবে কার্যকর সমাধান খুঁজে বের করতে হবে।
দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার বৈচিত্র্য, মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে বিশ্বাসী। গণতান্ত্রিক সংস্কৃতি বিকাশে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে মত প্রকাশের সুযোগ পাবে এবং সুস্থ বিতর্কের পরিবেশ বজায় থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
চারটি ভাষা—বাংলা, ইংরেজি, আরবি ও তুর্কিতে জার্নালটি প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, বিভিন্ন সংস্কৃতির মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে বহুভাষিক প্রকাশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্মবিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তুরস্কের খ্যাতনামা লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ইয়াসিন আকতাই। স্বাগত বক্তব্য দেন আল-উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জার্নালের সম্পাদক-ইন-চিফ মোহাম্মদ জাকির হোসেন।
অধ্যাপক ইয়াসিন আকতাই বলেন, মুসলিম বিশ্বের সমৃদ্ধ বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যকে সমসাময়িক বৈশ্বিক বাস্তবতার সঙ্গে যুক্ত করার সময় এসেছে। তার মতে, আল-উম্মাহ প্ল্যাটফর্ম বিশ্বজুড়ে গবেষক ও চিন্তাবিদদের মধ্যে কার্যকর সংযোগ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ড. এ এফ এম খালিদ হোসেন বলেন, প্ল্যাটফর্মটি ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে জ্ঞানভিত্তিক সহযোগিতা বৃদ্ধি এবং মুসলিম উম্মাহর সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণানির্ভর সমাধান তৈরিতে ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশ-বিদেশের গবেষক, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় মুসলিম উম্মাহর বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব, গণমাধ্যম, শিক্ষা, প্রযুক্তি এবং বৈশ্বিক সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
সূত্র: বাসস