07/08/2026 ঝড়ো হাওয়ার পূর্বাভাস, ১১টি অঞ্চলের নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত
odhikarpatra
৬ July ২০২৬ ১৪:৪৭
ঢাকা | নিজস্ব প্রতিবেদক | ৬ জুলাই ২০২৬
দেশের ১১টি অঞ্চলের নদীবন্দরে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কায় ২ (দুই) নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ (এক) নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে এসব অঞ্চলের সব নদীবন্দরকে পুনরায় ২ (দুই) নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে দেশের অন্যান্য অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ (এক) নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর ঝড়ো আবহাওয়ার সময় নৌযান, বিশেষ করে ছোট নৌকা ও মাছ ধরার ট্রলারকে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে নদীপথে চলাচলকারী যাত্রী ও সংশ্লিষ্টদের সর্বশেষ আবহাওয়া বুলেটিন অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
।