07/09/2026 জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা
Special Correspondent
৮ July ২০২৬ ২০:১০
নিউজ ডেস্ক | অধিকারপত্র
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকারকর্মী আইরিন খানকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গুরুত্বপূর্ণ এই পদে যোগ দেওয়ার পাশাপাশি তাঁকে সরকারের প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে।
বুধবার (৮ জুলাই ২০২৬) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আইরিন খান এ পদে অধিষ্ঠিত থাকাকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। আইরিন খান জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন।
আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত পরিচিত মুখ আইরিন খান। দায়িত্ব নেওয়ার আগে তিনি জাতিসংঘের মানবাধিকার পরিষদের ‘মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতাবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার’ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়া, তিনি যুক্তরাজ্যভিত্তিক বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘদিন আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা এই অভিজ্ঞ ব্যক্তিত্বকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ায় কূটনীতিক ও সুশীল সমাজের পক্ষ থেকে একে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক অঙ্গনে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও পরিচিতি বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে আরও সুসংহত করবে।
--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র